ফ্র্যাঞ্চাইজি বাতিলের নাটকীয়তার পর ড্রাফটের আগে দল পেলেন মাহমুদউল্লাহ
আগের দিন পর্যন্ত ঢাকার ফ্র্যাঞ্চাইজির সত্ত্ব ছিল রুপা ফ্রেব্রিকস ও মার্ন স্টিলের কাছে। ড্রাফটের বাইরে দেশি ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকারকেও দলে নিয়ে ফেলেছিল তারা। দলের নাম দিয়েছিল ঢাকা স্টার্স। কিন্তু ব্যাংক গ্যারান্টির টাকা পরিশোধ করতে না পারায় তারা এখন এবারের বিপিএলেই নেই। আপাতত ঢাকার ফ্র্যাঞ্চাইজির ভার নিয়েছে বিসিবি নিজেরা।
ফ্র্যাঞ্চাইজি বাতিল হওয়ায় বদলে গেছে সৌম্যের ভাগ্যও। সৌম্য এখন থাকছেন ড্রাফটের তালিকায়। 'বি' ক্যাটাগরি থেকে তাকে দলে নেওয়ার সুযোগ পাবে যেকোনো দল। 'এ' ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহকে ড্রাফটের আগে দলে নিয়েছে বিসিবির মালিকানাধীন ঢাকা।
ড্রাফটের আগের রাত পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি নিয়ে এমন নাটকীয়তার পাশাপাশি ড্রাফটের খেলোয়াড় তালিকাও প্রকাশ করছিল না বিসিবি। সোমবার সকালে দেশি-বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলেও তাতে আছে অসম্পূর্ণতা।
ড্রাফটের আগে সরাসরি দল পেলেন যারা
খুলনার দেশি ক্রিকেটার হিসেবে ড্রাফটের আগে দল পেয়েছেন মুশফিকুর রহিম। দলটি বিদেশি কোটায় ড্রাফটের আগে নিয়েছে শ্রীলঙ্কার থিসারা পেরেরা, আফগানিস্তানের নাবিন উল হক ও শ্রীলঙ্কান ভানুকা রাজাপাকসেকে।
চট্টগ্রাম ড্রাফটের আগে দেশি ক্রিকেটার হিসেবে নিয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। তিনজন বিদেশি নেওয়ার সুযোগ থাকলেও ড্রাফটের আগে তারা নিয়েছে দুজন। ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল ও ক্যারিবিয়ান ক্রিকেটার কেন্নার লুইস খেলবেন দলটির হয়ে।
ঢাকা মাহমুদউল্লাহর বাইরে আর কাউকে নিশ্চিত করতে পারেনি।
বরিশাল সাকিব আল হাসানকে স্থানীয় ক্রিকেটার হিসেবে ড্রাফটের আগে নিশ্চিত করে বিদেশিও নিয়েছে তিনজন। দলটির হয়ে আফগানিস্তানের মুজিব উর রহমান, শ্রীলঙ্কার দানুশনা গুনাথিলেকা ড্রাফটের বাইরে থেকে খেলবেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটারকেও ড্রাফটের বাইরে নিশ্চিত করেছে তারা। তবে খেলোয়াড়ের ইচ্ছায় ড্রাফট শেষ হওয়া পর্যন্ত নামটি গোপন রাখছে তারা।
কুমিল্লা ড্রাফটের আগে মোস্তাফিজুর রহমানকে দেশি ক্রিকেটার তালিকা থেকে দলে নিয়েছে।
বিসিবির পাঠানো তালিকায় ড্রাফটের বাইরে কোন বিদেশি নেই কুমিল্লার। কিন্তু দলটি দ্য ডেইলি স্টারকে জানিয়েছে ফাফ দু প্লেসি, সুনিল নারিন ও মঈন আলিকে দলে পেয়েছে তারা।
সিলেট দেশি ক্রিকেটার হিসেবে ড্রাফটের বাইরে তাসকিন আহমেদকে নিয়েছে আগেই।
বিদেশি ক্রিকেটার তালিকায় তারা নিয়েছে শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল, ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস ও আনকোরা ক্রিকেটার কলিন আলেক্সান্ডারকে।
২১ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএলের অষ্টম আসর। তার আগে আজ (২৭ ডিসেম্বর) পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর বলরুমে হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে আগ্রহের কেন্দ্রে থাকবেন সরাসরি দল না পাওয়া দুই সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল।