ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ দুই টি-টোয়েন্টি নিয়ে অনিশ্চয়তা
আজ সন্ধ্যায় সেন্ট কিটস ও নেভিসে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ, পর দিন একই ভেন্যুতে তৃতীয় ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ খেলার কথা ফ্লোরিডায়। কিন্তু যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় তা পড়েছে অনিশ্চয়তায়।
যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে মাঝে মাঝেই ফ্লোরিডায় খেলা আয়োজন হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ তাদের হোম সিরিজের কিছু ম্যাচ সেখানে রাখার চেষ্টা করে। ২০১৮ সালে ফ্লোরিডায় টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ।
এবার ভারতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি রাখা হয়েছিল ফ্লোরিডার মাঠে। সেখানে ভারতীয় প্রবাসী দর্শকদের কথাও রাখা হয়েছিল বিবেচনায়।
সব ঠিক থাকলেও গোল বাধিয়েছে ভিসা প্রক্রিয়া। ম্যাচের সময় ঘনিয়ে এলেও এখনো ভিসা পাননি রোহিত শর্মা, নিকোলাস পুরানরা। শেষ পর্যন্ত ভিসা না পেলে খেলাগুলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই আয়োজন করার চিন্তাও আছে।
সূচি অনুযায়ী ৬ ও ৭ ফ্লোরিডায় হওয়ার কথা দুই ম্যাচ। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড সে অনুযায়ী সব পরিকল্পনা এগিয়ে নিলেও ভিসার বিষয়টি তাদের হাতে নেই।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বিবৃতিতে জানানো হয়েছে, তারা এখনো ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রের ভিসা নিশ্চিতের চেষ্টায় আছেন, 'আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। শেষ পর্যন্ত ভিসার ব্যবস্থা না হলে ক্যারিবিয়ানেই হবে দুই ম্যাচ।'
যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও আরও একটি সমস্যা দেখে দিয়েছে। সেন্ট কিটসে দুটি ম্যাচ খেলার পর সেখান থেকে ভিসার কাগজ সংগ্রহ করতে ক্রিকেটারদের ফের যেতে হবে ত্রিনিদাদে, 'সেন্ট কিটসেই ভিসার কাগজ পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা হচ্ছে না। ভিসার কাগজ নিতে আবার ক্রিকেটারদের ত্রিনিদাদে যেতে হবে। বিষয়টি সমাধান হলে ত্রিনিদাদ থেকেই আমেরিকা যাবেন ক্রিকেটাররা।'
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সভাপতি রিকি স্কেরিট জানিয়েছেন, সব কিছু পরিকল্পনা অনুযায়ী করতে তাদের চেষ্টা চলমান। তবে বিষয়টি যে এখন অনিশ্চিয়তার মধ্যে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।
ত্রিনিদাদ হয়ে ফ্লোরিডা যেতে হলে ক্রিকেটারদের ভ্রমণ ঝক্কি ও বিশ্রামের সুযোগ কমে যাবে। এটিও ভেবে দেখা হচ্ছে।