বগুড়ায় ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের মতোই’ প্রস্তুতি
জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের মূল স্রোতে ধরে রাখতেই উৎপত্তি বাংলাদেশ টাইগার্সের। তবে সংস্করণ ভেদে আসন্ন সফরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের উপযোগি করার কাজও হবে সেখানে। বগুড়ায় সেই ভাবনা থেকেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য সৈয়দ খালেদ আহমদ, আবু জায়েদ রাহিদের প্রস্তুত রাখছেন পেস বোলিং কোচ চম্পাকা রামানায়েকে। পেস বান্ধব উইকেটে কঠিন সফরের জন্য নিজেকে জুতসই রাখছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হকও।
২৬ ফেব্রুয়ারি থেকে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। সেখানে পেস বোলারদের তত্ত্বাবধায়নে আছেন হাই-পারফরম্যান্স ইউনিটের লঙ্কান কোচ চম্পাকা।
রোববার এক ভিডিও বার্তায় তিনি জানান নানা দিক থেকে ফলপ্রসু হতে যাচ্ছে এই ক্যাম্প, 'বিসিবি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। যোগ দিতে পেরে আমারও ভাল লাগছে। কয়েকজন তরুণকে পেয়েছি যাদের সঙ্গে আগে কাজ করা হয়নি, কয়েজনকের সঙ্গে কাজ করা হয়েছে। এটা খুব ভালো প্রোগ্রাম কারণ যেসব খেলোয়াড় টেস্ট ও ওয়ানডে থেকে বাদ পড়েছে, তাদের অনুশীলনের জন্য ভালো সুযোগ।'
বগুড়ার উইকেট ঐতিহ্যগতভাবেই পেস সহায়ক। শক্ত মাটির উইকেটে বাউন্স থাকে বেশ বাড়তি। উইকেটে ঘাস রাখা হলে স্যুয়িং পাওয়া যায় বিস্তর। চম্পাকা জানান প্রায় প্রোটিয়া কন্ডিশনের আদলেই অনুশীলন চলছে তাদের, 'এটা খুব সুন্দর ভেন্যু বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য। এখান থেকে যারা দক্ষিণ আফ্রিকায় যাবে, হয়ত দু'একজন পেসার আছে। যেমন খালেদ (সৈয়দ খালেদ আহমদ) এবং রাহি (আবু জায়েদ চৌধুরী রাহি) আছে টেস্ট স্কোয়াডে, তারা প্রস্তুত হতে পারবে কীভাবে দক্ষিণ আফ্রিকায় বল করতে হবে। কারণ এখানেও আমরা দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের মতো প্রস্তুতি নিচ্ছি।'
'বিশেষ করে কনসিটেন্সি, লাইন-লেন্থ, কীভাবে বল মুভ করাতে হবে, সিম করাতে হবে এবং কতখানি ধৈর্য রাখতে হবে। এই ধরনের জিনিস শেখানোর চেষ্টা করছি। টেস্ট ম্যাচে লম্বা স্পেল করতে হবে, এটাও মাথায় রাখছি।'
পেসার খালেদও জানালেন, বগুড়ার কন্ডিশনে বল করা ভীষণ উপভোগ্য হচ্ছে তাদের। তারা মুখিয়ে আছেন ধারাবাহিকতার পাশাপাশি নতুন স্কিল শিখতে।
পেসারদের উন্নতির পাশাপাশি কঠিন সফর সামনে রেখে মুমিনুল হক, সাদমান ইসলামরাও পাচ্ছেন আদর্শ প্রস্তুতির সুযোগ, 'এটা খুব শক্ত ও বাউন্সি উইকেট যেটা দক্ষিণ আফ্রিকায় পাওয়া যাবে সেটার মতই প্রায়। এখানে বাউন্স আছে, ঘাস আছে। বল মুভ করছে। ব্যাটসম্যানদের জন্যও ভাল কীভাবে বল ছাড়তে হবে, ব্যাকফুটে খেলতে হবে। সব মিলিয়ে ভালো প্রস্তুতি হচ্ছে।'