নক আউট ম্যাচে দলের সেরা ক্রিকেটারকে পেল না চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে টুর্নামেন্টের এই পর্যন্ত নিয়েই এসেছেন উইল জ্যাকস। আগের ম্যাচেও ৫৭ বলে ৯২ রান করে দলকে তুলেছিলেন প্লে অফ রাউন্ডে। কিন্তু হুট করে অসুস্থ হয়ে যাওয়ায় খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনিটের ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না চট্টগ্রাম।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা। চট্টগ্রাম একাদশে দেখা যায় চমক। দারুণ ছন্দে থাকা জ্যাকসের বদলে খেলছেন কেনার লুইস।

কারণ জানতে চাইলে দলের ম্যানেজার  ফাহিম মুনতাসির সুমিত জানান, অসুস্থ হয়ে পড়েছেন জ্যাকস, 'মাঠে আসার জন্য টিম বাসে আসার ঠিক আগে জ্যাকসের শরীর হুট করে খারাপ হয়ে যায়। বাস থেকে নেমে সে বমি করে। কিছুক্ষণ অপেক্ষার পর সে মাঠে আসে। তবে শরীর খারাপ ছিল। চিকিৎসকরা বলছেন, তার ফুড পয়জনিং হয়েছে। এমনিতে প্রেশার বা শারীরিক আর কোনো সমস্যা নেই। তবে তাকে বিশ্রামে রাখতে বলা হয়েছে। এই ম্যাচে খেলতে পারবে না। আমরা তাকে হোটেলে পাঠিয়ে দিয়েছি।'

এবারের বিপিএলে ১০ ম্যাচে ১৫৪.২৬ স্ট্রাইকরেট আর ৪৪.২২ গড়ে ৩৯৮ রান করেছেন ইংলিশ ব্যাটসম্যান জ্যাকস। তার ব্যাট থেকে এসেছে ৪টি ফিফটি।

খুলনা-চট্টগ্রামের এই ম্যাচের জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। হেরে যাওয়া দলের কোন সুযোগ থাকবে না। বিদায় নিতে হবে আসর থেকে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:  কেনার লুইস, জাকির হাসান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, চ্যাডউইক ওয়ালটন, আকবর আলি, শামীম হোসেন পাটোয়ারি, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম। 

খুলনা টাইগার্স: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, থিসারা পেরেরা, সিকান্দার রাজা, সৈয়দ খালেদ আহমেদ, নাবিল সামাদ, রুয়েল মিয়া।