বাংলাদেশের উদযাপনের ভিডিও নিয়ে অস্ট্রেলিয়া দলে ঝগড়া!
তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ নিশ্চিত করার পর তুমুল উল্লাস করেছিল বাংলাদেশ দল। বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপনের একটি ভিডিও পোস্ট করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে। আর তা নিয়েই নাকি দুই সদস্যের সঙ্গে ঝগড়া হয়েছে ম্যানেজার গেবিন ডোভি আর কোচ জাস্টিন ল্যাঙ্গারের!
গত ৬ অগাস্ট অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে উৎসবে মাতে বাংলাদেশ। মাঠের উদযাপন শেষ করে ড্রেসিং রুমে ফিরেও চলে আনন্দ। প্রথা অনুযায়ী মাহমুদউল্লাহরা 'আমরা করব জয়' গানটি গেয়ে অজিদের বিপক্ষে প্রথম সিরিজ জেতা উদযাপন করেন। উদযাপনের পুরো একটি ভিডিও দেওয়া হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিজিটাল টিমের দুজন সদস্য বাংলাদেশ সফরের ভিডিও টুইটার, ওয়েবসাইটে পোস্ট করার দায়িত্বে ছিলেন। তাদের নাম গোপন করে সূত্রের বরাত দিয়ে সিডনি মর্নিং হেরাল্ড জানায়, এই দুজনের উপর ক্ষেপে যান ম্যানেজার ডোভি, পরে তাতে যোগ দেন কোচ ল্যাঙ্গারও।
ডোভির যুক্তি ছিল, বাংলাদেশ দলের অফিসিয়াল গান কোনভাবেই ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া ঠিক হয়নি। ল্যাঙ্গারও তাতে সায় দেন। এক পর্যায়ে কথা কাটাকাটি ঝগড়ায় রূপ নেয়।
তৃতীয় টি-টোয়েন্টি শেষে টিম হোটেলে ফিরে এই ঘটনা দেখেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এসময় তারা বিব্রতবোধ করেন বলে জানায় অস্ট্রেলিয়ান গণমাধ্যমটি।
এই খবরটি বেরিয়ে আসার পর মুখ খুলেছেন ডোভি। তবে সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া মন্তব্যে ঝগড়ার বিষয়টি অস্বীকার করে গেছেন তিনি, 'দলের পরিবেশ খুব ভাল ছিল। অন্যভাবে দেখার কোন সুযোগ এখানে নেই। এটা আসলে একটা খোলামেলা আলোচনা ছিল, আর কিছু না। খেলোয়াড়, কর্মকর্তা, কর্মীদের মধ্যে এরকমটা হতেই পারে।'
তবে আলোচনায় যে পক্ষ-বিপক্ষ ছিল সেটা স্বীকার করেছেন তিনি, 'হ্যাঁ এটা নিয়ে আমাদের মধ্যে মতের অমিল ছিল। সেটা থাকলেও পরে তা আমরা মেনে নেই। তবে এই আলোচনা সবার সামনে না হলেই ভাল হত। এই ঘটনায় দায় আমি নিচ্ছি।'
কোচ ল্যাঙ্গারের কোন বক্তব্য অবশ্য মেলেনি। তবে যে ভিডিও পোস্ট করা নিয়ে নিজেদের মধ্যে এত কিছু, সেটি এখনো আছে তাদের ওয়েবসাইটে।
এবার বাংলাদেশে এসে কেবল হতাশাই সঙ্গী করে দেশে ফিরেছে অজিরা। সংক্ষিপ্ত সফরে ৭ দিনে ৫ টি-টোয়েন্টির সিরিজ হারে ৪-১ ব্যবধানে। বেশ কয়েকজন সেরা তারকাকে ছাড়া খেলতে এসে মিরপুরের মন্থর ও টার্নিং উইকেটে বাংলাদেশের কাছে হয় বিধ্বস্ত। শেষ ম্যাচে মাত্র ৬২ রানে গুটিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে বিব্রতকর রেকর্ডও সঙ্গী হয় তাদের। এরমধ্যে দলের ভেতরের এমন খবর ক্রিকেট পরাশক্তি দেশটির জন্য অস্বস্তির।