বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ভারতের কাছাকাছি মানের: হনুমা বিহারি

ক্রীড়া প্রতিবেদক

ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেকের আগেই আবাহনীর হয়ে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন হনুমা বিহারি। চার বছর পর একই দলের হয়ে আবার খেলতে এসে এই ক্রিকেটার জানালেন, এই সময়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান বেড়েছে। তা এখন প্রায় ভারতের ঘরোয়ার ক্রিকেটের কাছাকাছি।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলতে আসেন বিহারি। প্রথম দুই ম্যাচে তার ব্যাট ছিল নীরব (১৮ ও ৩ রান)। তৃতীয় ম্যাচ থেকেই রান পাওয়া শুরু করেন এই ডানহাতি ব্যাটার। শাইনপুকুরের বিপক্ষে ৪৫ করার পর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলেন ম্যাচ জেতানো ১১২ রানের ইনিংস। মঙ্গলবার চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষেও উজ্জ্বল ছিল বিহারির ব্যাট। ২৫৬ রান তাড়ায় তিনে নেমে ৫৯ রান করেছেন তিনি।

মঙ্গলবার বিহারিদের ঝলকে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। ম্যাচ শেষে ভারতের হয়ে ১৫ টেস্ট, ১০১টি প্রথম শ্রেণির ম্যাচ আর ৮৫ লিস্ট-এ ম্যাচ খেলা এই ক্রিকেটার বাংলাদেশকে শুনালেন ইতিবাচক কথা। দুই দেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থেকে তার মনে হচ্ছে বাংলাদেশের ঘরোয়া পর্যায়ের মান এখন ভারতের কাছাকাছি,  'আমি যখন শেষবার এখানে এসেছিলাম, আমার মনে হয়েছিল ভারত থেকে মান কিছুটা কম। কিন্তু এখন মনে হচ্ছে তফাৎটা কমে যাচ্ছে। ভারতের ঘরোয়া ক্রিকেট যে পর্যায়ে আছে এটাও সেই পর্যায়ের কাছে যাচ্ছে। যেটা বলব বাংলাদেশের ক্রিকেট ভালো দিকে যাচ্ছে।'

'চার  বছর পর আবার একই দলে খেলতে এলাম। এটা খুব ভালো দল, আমাকে ভাল দেখভালও করছে। দলটি ভাল ক্রিকেট খেলে। আমি সব সময় আবাহনীতে খেলা উপভোগ করি। এটা ভাল যে আমরা জিতছি এবং মোমেন্টাম আমাদের দিকে আছে।'