বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

চূড়ান্ত হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) এ সিরিজে দুটি টেস্টের পাশাপাশি ছিল তিনটি টি-টোয়েন্টি ম্যাচও। কিন্তু নিউজিল্যান্ডের ঘোষিত সূচিতে নেই কোনো টি-টোয়েন্টি ম্যাচ। আগামী মাসেই নিউজিল্যান্ড যাবে টাইগাররা।

শুক্রবার এ সিরিজের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সূচি অনুযায়ী দুটি টেস্ট ম্যাচ খেলতে নতুন বছরের প্রথম দিন থেকেই লড়াইয়ে নামবে দলদুটি।

ঘরের মাঠে আগামী ৮ ডিসেম্বর শেষ হবে পাকিস্তান সিরিজ। এরপর খুব বেশি দিন বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা। উড়াল দিতে হবে প্রায় সিরিজ শেষেই। সিরিজ শুরুর আগে থাকতে হবে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে।

মঙ্গানুইতে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২০২২ সালের ১ জানুয়ারি। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে।

এর আগে ২০১৬-১৭ মৌসুমে মঙ্গানুইতে দুটি টি-টোয়েন্টি খেললেও এবারই প্রথম টেস্ট খেলবে টাইগাররা। তবে ক্রাইস্টচার্চে আগেও বেশ কয়েকবার টেস্ট খেলেছে বাংলাদেশ।

গত পাঁচ বছরে দেশটি চতুর্থ বারের মতো সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে নিউজিলেনের মাটিতে এখনও কোনো জয় দেখেনি বাংলাদেশ। সবমিলিয়ে মোট ৩২ ম্যাচের সবকটিই হেরেছে টাইগাররা।