বাংলাদেশের বিপক্ষে আফগানদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে একাধিক বদল

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। এক সিরিজে পর ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ নবি ইব্রাহিম জাদরান। টি-টোয়েন্টি দলে এসেছে অনেকগুলো অদল-বদল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এরমধ্যেই এসে গেছে আফগানিস্তান। সিলেটে অনুশীলন ক্যাম্প করছে তারা। তাদের কয়েকজন ক্রিকেটার আছেন বিপিএলেও।

বিপিএলের পর পর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন হাসমতুল্লাহ শহিদি।  নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ সিরিজে না খেলা অলরাউন্ডার নবি ও টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান অনুমিতভাবেই ফিরেছেন। বাদ পড়েছেন উসমান ঘানি। ওয়ানডে স্কোয়াডে ট্র্যভেলিং রিজার্ভ হিসেবে থাকছেন সালিম সাইফ ও কাইস আহমেদ।

টি-টোয়েন্টি স্কোয়াডে এসেছে অনেকগুলো বদল। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন গুলবদিন নাইব, মোহাম্মদ শাহজাদ, হাসমতুল্লাহ, হামিদ হাসান ও নাবিন উল হক। অবসর নেওয়ায় নেই আসগার আফগান। নবির অধিনায়কত্বে তাদের বদলে দলে নেওয়া হয়েছে দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, আফসার জাজাই, কাইস আহমেদ ও নিজাদ মাসুদকে।

২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হবে দুদলের সিরিক। ২৫ ও ২৮ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ। ৩ ও ৫ মার্চ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ।

আফগানিস্তানের ওয়ানডে দল: হাসমতুল্লাহ শহিদি (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিব জাদরান, শহীদ কামাল, ইকরাম আকিল, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই, ফরিদ আহমেদ মালিক।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), হযরতুল্লাহ জাজাই, ইসমান ঘানি, দারউইশ রাসুলি, নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ মালিক।