বাংলাদেশের বিপক্ষে টেস্টে থাকবেন না রাবাদা, নরকিয়ারা?

স্পোর্টস ডেস্ক

আইপিএলের শুরুর সময়টাতেই দুই টেস্টের সিরিজে ব্যস্ত থাকবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে খেলতে থাকা ক্রিকেটাররদের তাই আইপিএলে অন্তত ৫ ম্যাচে পাওয়া যাবে না। তবে মেগা নিলামের আগের দিন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানিয়ে দিয়েছে দল পাওয়া ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার কথা বিবেচনায় নিচ্ছে তারা তারা।

প্রোটিয়া টেস্ট দলের নিয়মিত মুখ কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, আনরিক নরকিয়া, মার্কো ইয়ানসেন ও এইডেন মার্কামের খেলার কথা আইপিএলেও। নরকিয়াকে এই আসরে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। বাকি চারজন নিলামে থাকতে পারেন তুমুল আগ্রহের তালিকায়।

কিন্তু বাংলাদেশের বিপক্ষে তাদের টেস্ট সিরিজের কারণে এই ক্রিকেটারদের পুরো আসরে পাওয়া নিয়ে ছিল সংশয়। তারা পুরোয় আসরে থাকতে পারবেন কিনা এটার উপর নির্ভর করছে আইপিএলের দলগুলোর হিসেব নিকেশ। শুক্রবার ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে সিএসএ প্রধান লাউসন নাইডু আভাস দিয়েছেন নিলামে দল পাওয়া ক্রিকেটারদের আইপিএলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে,  'আমরা এটা বিবেচনা করছি, আইপিএলের নিলামের পর আমরা বুঝতে পারব কোন খেলোয়াড়কে আইপিএলের জন্য ছেড়ে দিতে বিবেচনা করা যায়।'

তার এই মন্তব্যের পর শনি ও রোববার হতে যাওয়া আইপিএলের নিলামে প্রোটিয়া এই ক্রিকেটারদের মূল্য বেড়ে যেতে পারে। এবারের আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ২৭ মার্চ।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৮ মার্চ, শেষ হবে ১১ এপ্রিল। ওয়ানডে সিরিজ আইপিএল শুরুর ৪ দিন আগে শেষ হয়ে যাবে। কিন্তু টেস্ট সিরিজই হয়ে যাচ্ছে আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক। ১১ এপ্রিল পর্যন্ত আইপিএলের প্রতিটি দলের অন্তত ৫-৬ ম্যাচ হয়ে যাওয়ার কথা।

এই সূচির কথা বিবেচনা করেই নিলামে দল পেতে সাকিব আল হাসানও দক্ষিণ আফ্রিকা সফরে কেবল ওয়ানডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। টেস্ট সিরিজের সময়টাই তিনি আইপিএলের জন্য নিজেকে ফাঁকা রেখেছেন।

টেস্ট ছেড়ে দেওয়ায় কুইন্টেন ডি ককের বেলায় সেই ঝামেলা নেই। ডেভিড মিলার, ফাফ দু প্লেসি, ইমরান তাহিরদেরও পুরো টুর্নামেন্টে পাবে আইপিএলের দলগুলো।

১২ ও ১৩ ফেব্রুয়ারি ১০ দল নিয়ে বেঙ্গালুরুতে হবে আইপিএলের নিলাম।