বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেই অ্যালেনকে পাচ্ছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশে সফরে এসে এক দিনের মাথায় কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেন। তবে সপ্তাহ পেরুতেই নেগেটিভ এসেছেন সেই ক্রিকেটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ঢাকা পা রাখার পর গত ২৪ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে আইসোলেশনে ছিলেন অ্যালেন। আক্রান্ত অবস্থায় খুব হালকা উপসর্গ ছিল তার। অবশেষে নেগেটিভ আসায় আজ বৃহস্পতিবার থেকে দলের সঙ্গে বাবলে যোগ দিচ্ছেন তিনি।

এদিকে অ্যালেনের বদলি হিসেবে গত মঙ্গলবারই ঢাকায় পৌঁছেছেন পেসার ম্যাট হেনরি। এরপর বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টিনে আছেন তিনি। তাই আগামীকাল থেকে দলের সঙ্গে বাবলে যুক্তও হতে পারবেন তিনিও। তবে এর আগে অবশ্যই কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হতে হবে তাকে।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। আগের দিন মাত্র ৬০ রানে অলআউট হয়ে গেছে তারা। টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বনিম্ন রান। ফলে বড় হারই দেখতে হয় দলটিকে। তাই অ্যালেনের উপস্থিতি কিছুটা হলেও প্রেরণা দেবে দলটিকে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগামীকাল শুক্রবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড। যথারীতি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হবে ম্যাচটি।