বাংলাদেশের বিপক্ষে নামার আগে জিম্বাবুয়ে দলে বড় ধাক্কা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে নামার আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে জিম্বাবুয়ে দল। আইসোলেশনে যেতে বাধ্য হওয়ায় এই টেস্টে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ক্রেইগ আরভিন।

মঙ্গলবার টেস্ট শুরুর আগের দিনই জানা যায় তাদের না থাকার খবর। জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার ডার্লিংটন গণমাধ্যমকে জানান করোনাভাইরাসে আক্রান্ত স্বজনের কাছে যাওয়ায় আইসোলেশনে যেতে হয়েছে তাদের,  ‘নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন ২০ জনের স্কোয়াডে ছিলেন। কিন্তু তারা দলে যোগ দিতে পারেননি। কোভিড আক্রান্ত স্বজনের সংস্পর্শে যাওয়ায় তারা দুজনেই এখন সেলফ আইসোলেশনে আছেন।’

উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন টেইলর। দারুণ ছন্দে থাকা উইলিয়ামস জিম্বাবুয়ের শুধু নেতৃত্ব না, ব্যাটিংয়েরও বড় ভরসার নাম। গত বছর ফেব্রুয়ারির পর আর টেস্ট না খেলা আরেক বাঁহাতি ব্যাটসম্যান আরভিনও মিডল অর্ডার দলটির বড় ভরসা।

এই দুজন না থাকায় অনেক ক্ষতি হলেও তরুণদের নিয়ে তা পুষিয়ে দেওয়ার আশা করছেন টেইলর।

বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট। চোটের কারণে এই টেস্টে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের খেলার সম্ভাবনাও খুবই ক্ষীণ।