বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড বইয়ে এলিস

ক্রীড়া প্রতিবেদক

ইনিংসের শেষ ওভার। বাংলাদেশের তখন বলে বলে মারার তাড়না। এমন পরিস্থিতিতে শেষ তিন বলে তিন উইকেট তুলে হ্যাটট্রিক করে বসলেন অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে হ্যাটট্রিকের এটাই প্রথম নজির।

শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই দলের তৃতীয় টি-টোয়েন্টিতে মিচেল স্টার্কের জায়গায় এলিসকে নামায় অজিরা। স্লোয়ার দেওয়ার জন্য পরিচিত এই ডানহাতি পেসার প্রথম ৩ ওভারে ২৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

শেষ ওভারে প্রথম বলটি এলিস করেন ডট। পরের বল থেকে এক রান নেন শেখ মেহেদী হাসান। স্ট্রাইক পেয়ে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ বাউন্ডারি মেরে পুরো করেন ফিফটি। পরের বলে আবার চালাতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন তিনি।

ওভারের পঞ্চম বলে মোস্তাফিজুর রহমান মিড উইকেট দিয়ে ওড়াতে গিয়েছিলেন বল। গোল্ডেন ডাকের শিকার হয়ে তিনি ধরা পড়েন মিচেল মার্শের হাতে। ওই ক্যাচের সময় প্রান্ত বদল হওয়ায় ফের স্ট্রাইক পান শেখ মেহেদী। টাইমিংয়ে গড়বড় হয় তারও। শেষ বলে তিনি ডিপ স্কয়ার লেগে দেন ক্যাচ। তাতে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন ২৬ বছর বয়সী এলিস।

টি-টোয়েন্টিতে অভিষেকে হ্যাটট্রিক করা প্রথম বোলার এলিস। সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিত এটি ১৭তম হ্যাটট্রিক। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে এলিস তৃতীয়।

এলিসের হ্যাটট্রিকের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে মিরপুরের চিরায়ত টার্নিং ও মন্থর উইকেটে ৯ উইকেটে ১২৭ রান করেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে সিরিজে ফিরতে হলে এই ম্যাচ জিততেই হবে।