বাংলাদেশের ব্যাটিংয়ের উন্নতির লক্ষ্য নিয়ে বুধবার আসছেন সিডন্স

ক্রীড়া প্রতিবেদক

প্রায় এক যুগ পর বাংলাদেশে আসার সুযোগ পেয়ে ক'দিন আগে দারুণ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন জেমি সিডন্স। বাংলাদেশের ভিসা হাতে নিয়ে ভিডিও বার্তায় বলেছিলেন, এখানে আসতে মুখিয়ে আছেন তিনি।  নতুন দফায় এদেশে কাজ করতে এই কোচের অপেক্ষা ফুরোচ্ছে। জাতীয় দলের সাবেক এই কোচ  ব্যাটিং পরামর্শক হিসেবে ঢাকায় পা রাখবেন বুধবার বিকেলে।

বিসিবি সূত্রে জানা যায়,  বুধবার বিকেল ৪টায় ঢাকায় নামবেন এই অস্ট্রেলিয়ান কোচ। তার সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করেছে বিসিবি। তবে ব্যাটিং কোচ হিসেবে বর্তমানে জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন দক্ষিণ আফ্রিকান অ্যাশওয়েল প্রিন্স। সেক্ষেত্রে সিডন্সের ভূমিকা কি হবে তা নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা আছে।

আনুষ্ঠানিকভাবে কোন পর্যায়ে সিডন্স কাজ করবেন তা পরিষ্কার করেনি বিসিবি। সিডন্স অবশ্য জানিয়েছেন, জাতীয় দল কিংবা ডেভোলাপমেন্ট ধাপ- যেকোনো জায়গায় কাজ করতে মুখিয়ে আছেন তিনি।

গত ২২ জানুয়ারি বাংলাদেশের ভিসা হাতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'মাত্রই বাংলাদেশের ভিসা হাতে পেলাম, যেখানে হবে আমার কোচিংয়ের পরবর্তী ঠিকানা। দুই বছর সেখানে থাকব আশা করি। এই বছর অস্ট্রেলিয়ায় আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আশা করছি আমার হাত দিয়ে কিছু তরুণ প্রতিভা বের করতে পারব। আমি একই সঙ্গে জাতীয় দল ও ডেভোলাপমেন্টের সঙ্গেও কাজ করব। তরুণদের প্রস্তুত করতে আমি ভালবাসি।'

২০০৭ সালে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে এসেছিলেন এই অস্ট্রেলিয়ান। ২০১১ বিশ্বকাপ পর্যন্ত ছিল সাকিব আল হাসানদের দায়িত্বে। ঘরের মাঠে সেই বিশ্বকাপে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এরপর আর তার সঙ্গে চুক্তি বাড়ায়নি তখনকার বোর্ড।

প্রধান কোচ হিসেবে সিডন্সের কাজে সমালোচনা থাকলেও ব্যাটিং কোচ হিসেবে তার প্রশংসা করছিলেন তামিম ইকবালরা। জানা গেছে, সিনিয়র ক্রিকেটারদের ইতিবাচক বার্তা পেয়েই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সিডন্সকে নিয়োগের সিদ্ধান্ত নেন।