বাংলাদেশের স্পিন কোচের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এজাজ
টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা খুব একটা নেই এজাজ প্যাটেলের। মূলত দীর্ঘ পরিসরের ক্রিকেটে বিবেচিত হওয়া এই স্পিনার বাংলাদেশে টি-টোয়েন্টি খেলতে এসে পেয়েছেন দারুণ সহায়ক এক কন্ডিশন। সেটা পুরোপুরি কাজে লাগাতে স্বদেশী কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরির পাশাপাশি বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথের পরামর্শও নিচ্ছেন তিনি।
বুধবার প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬০ রানে গুটিয়ে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হারে নিউজিল্যান্ড। দল হারলেও এজাজ বল হাতে আলো কেড়েছেন। ছোট লক্ষ্য তাড়ায় যাওয়া বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছেন তিনি। চার ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে তুলেছেন ১ উইকেট।
মিরপুরের যে উইকেটে খেলা হয়েছে স্পিনারদের জন্য তা ছিল স্বর্গ। তা থেকে কীভাবে আরও উইকেট আদায় করা যায় এর কৌশল খুঁজছেন এজাজ। কিউই বাঁহাতি স্পিনার হওয়ায় ভেট্টোরির পরামর্শ পাওয়া তার জন্য খুব স্বাভাবিকই। কিন্তু বাংলাদেশে খেলতে এসে দেখা হয়েছে শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি হেরাথের সঙ্গেও।
প্রতিপক্ষ শিবিরের কোচ হলেও এজাজ পরামর্শ পেয়েছেন হেরাথেরও, 'ড্যান (ড্যানিয়েল ভেট্টোরি) এবং রঙ্গণা (হেরাথ) এমন দুজন বাঁহাতি স্পিনার যাদের অনুসরণ করি। রঙ্গণার সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে। আজ ড্যানের সঙ্গেও চ্যাট করার কথা। বাংলাদেশে তার খেলার অনেক অভিজ্ঞতা আছে, সেসব জানার অপেক্ষায় আছি।'
'সে (ভেট্টোরি) বিশ্বের অনেক জায়গায় ক্রিকেট খেলেছে। বাঁহাতি স্পিনার হিসেবে সে জানে কি চ্যালেঞ্জ তার সামনে অপেক্ষা করছে। তার মাথাটা কাজে লাগানো দারুণ ব্যাপার হবে।'
স্পিনে প্রচুর সহায়তা আছে এমন উইকেটে স্পিনার হিসেবে সাফল্য আসবেই। তবে কন্ডিশনের সহায়তা কত বেশি কাজে লাগানো যায় সেদিকেই চিন্তা এজাজের, 'স্পিনে সহায়তা আছে এমন উইকেট পাওয়া একজন স্পিনারের জন্য দারুণ ব্যাপার। এই সহায়তার যতটা সম্ভব বেশি কাজে লাগানো যায় সেটা গুরুত্বপূর্ণ। এই কন্ডিশনে খেলা আমাদের জন্য এক দারুণ অভিজ্ঞতা।'