বাংলাদেশ আয়োজন করবে ২০২৪ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ
এক দশকের ব্যবধানে আবারও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। আগামী ২০২৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। এর আগে ২০১৪ সালে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। তখন প্রতিযোগিতা দুটি একসঙ্গে আয়োজিত হতো।
ইংল্যান্ডের বার্মিংহামে চলমান বার্ষিক বোর্ড সভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পরের তিন বছরে মেয়েদের তিনটি বড় প্রতিযোগিতার আয়োজক কারা হবে সেটাও জানিয়ে দিয়েছে তারা। ২০২৫ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ইংল্যান্ড থাকবে ২০২৬ সালে অনুষ্ঠেয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ। শ্রীলঙ্কা যদি বাছাইপর্বের বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারে, তাহলে ২০২৭ সালে সেখানে আয়োজিত হবে মেয়েদের চ্যাম্পিয়ন্স ট্রফি।
২০২৪ সালেই প্রথমবারের মতো কেবল মেয়েদের কোনো বড় প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ। ওই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে অংশ নেবে মোট ১০টি দল। আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৩টি।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, '২০২৪ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ একটি খবর। যখন মেয়েদের ক্রিকেট সমৃদ্ধি ও বিস্তার লাভ করছে, এমন সময়ে মেয়েদের এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়ার জন্য বিসিবির পক্ষ থেকে আইসিসি বোর্ডকে ধন্যবাদ।'
আয়োজক হওয়ার জন্য ক্রিকেট বোর্ডগুলোকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যেতে হয়েছে। যে উপ-কমিটি গোটা প্রক্রিয়া তদারকি করেছে, সেটার নেতৃত্বে ছিলেন মার্টিন স্নেডেন। তার পাশাপাশি ছিলেন সৌরভ গাঙ্গুলী ও রিকি স্কেরিট। তাদের সুপারিশ পরবর্তীতে আইসিসির সভায় গৃহীত হয়েছে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩ ও ২০২৫ সালের ফাইনালের ভেন্যুও নির্ধারণ করা হয়েছে। ক্রিকেটের মক্কা খ্যাত লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ দুটি। ছেলেদের ও মেয়েদের আগামী ২০২৩ থেকে ২০১৭ সালের চক্রের ভবিষ্যৎ সফরসূচিও অনুমোদন দিয়েছে আইসিসি বোর্ড। সামনে পুরো সূচি প্রকাশ করা হবে।