বাংলাদেশ টাইগার্সে ভুল সংশোধন করে ফেরার আশায় সৌম্য

ক্রীড়া প্রতিবেদক

সৌম্য সরকার কদিন আগেও ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ। কিন্তু ব্যাট হাতে খারাপ খেলার মাশুল দিয়ে তিনি এখন আছেন দলে ফেরার লড়াইয়ে। বাংলাদেশ টাইগার্সের বিশেষ ক্যাম্পে কাজ করে সৌম্যের মনে হচ্ছে, ভুল শুধরে ফেরার এখান থেকে দিশা পেতে পারেন তিনি। 

জাতীয় দলের বাইরে থাকা, বাদ পড়া এবং এক সংস্করণে খেলা ক্রিকেটারদের টাচে রাখতে বিসিবি এ বছর থেকেই চালু করেছে বাংলাদেশ টাইগার্স। বগুড়ায় বিশেষ এই প্রোগ্রামের প্রথম ধাপের ক্যাম্প শেষ হচ্ছে সোমবার।

ক্যাম্পে শুরু থেকেই ছিলেন সৌম্য। রোববার এক ভিডিও বার্তায় এই টপ অর্ডার ব্যাটসম্যান জানান, ফেরার মঞ্চ হিসেবে বাংলাদেশ টাইগার্স বেশ আদর্শ,  'নিজেকে প্রস্তুত করার জন্য খুবই সুন্দর একটা ক্যাম্প ছিল। সেটা জাতীয় দল হোক বা যারা জাতীয় দলে যাচ্ছে না তাদের জন্য। এখান থেকে অনুশীলন করে, ভাল পারফর্ম করে আমার জাতীয় দলে যেন ফিরতে পারি তার জন্য এই জায়গাটা খুবই ভাল।'

সীমিত ওভারের ক্রিকেটে এক সময় বাংলাদেশের হয়ে ঝড় তোলার কাজটা করতেন সৌম্য। ওয়ানডেতে তার স্ট্রাইকরেটই এখনো দেশসেরা। ৫০ ওভারের ক্রিকেটে ৩২.১৪ গড় আর ৯৭.৩৫ স্ট্রাইকরেট তার। তবে ধারাবাহিকতার অভাব তার জায়গা থিতু করতে দেয়নি। এর পেছনে নিজেরই ভুল দেখেন সৌম্য। সেই ভুল সংশোধন করতে এই ক্যাম্পেই কাজ করেছেন তিনি,  'ছোট ছোট দুটি জিনিস নিয়ে কাজ করেছি। আমার ব্যক্তিগত দুটি জিনিস। আমার কাছে আমি খুশি। আরও একদিন বাকি আছে ক্যাম্প। যে কদিনই কাজ করেছি রুমে গিয়ে চিন্তা করেছি, আমার মনে হয়েছে আমি যে কাজটা করেছি অনেকটা অনেকটা আমি হ্যাপি।'

'ক্যাম্পটা তো এত লম্বা সময়ের ছিল না, অল্প সময়ের। যে ভুলটা ছিল ওইটা নিয়ে কাজ করা শুরু করেছি নিজের ভুল ধরতে পেরেছি। কোচ যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছি। হয়তবা শতভাগ হয়নি। একটু লম্বা সময়ের ক্যাম্প হলে সেটাও এখান থেকে সমাধান করে নতুন আরেকটা জিনিস নিয়ে কাজ করতে পারতাম।'

এমনিতে অনুশীলন সেশনগুলো মূলত হয় এক বেলা। বাংলাদেশ টাইগার্সে কাজ করা হয়েছেন দিনভর। এতে করে মানসিক দিক থেকেও ক্রিকেটারদের একটা প্রস্তুতি হতে দেখেছেন সৌম্য,  'সকাল থেকে আমরা শুরু করতাম বিকাল ৫টা পর্যন্ত। এটাতে অনেক লম্বা সময় নিয়ে অনুশীলন করাতে আলাদা একটা মানসিক প্রস্তুতি হয়েছে। যেমন ম্যাচে প্রথম হাফের পর সেকেন্ড হাফের দিকে যেমন একটা মনোযোগের ঘাটতি হয়। এরকম জিনিসগুলো এই ক্যাম্পে থেকে ভালো হয়েছে সারাদিন অনুশীলনের ফলে।'

'অনুশীলন সুবিধা যদি বলেন ভাল ছিল ব্যাটিং, বোলিংয়ের জন্য উইকেট খুবই ভাল ছিল। বাউন্সি ট্র্যাক ছিল, স্যুয়িং ছিল। আমাদের ব্যাটসম্যানদের জন্য হেল্প হয়েছে। এমনকি আমিও যখন বল করেছি, বোলারদের জন্য অনেক হেল্প ছিল।'