বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে বাড়তি প্রস্তুতি নিতে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে নিউজিল্যান্ড। যেখানে পাকিস্তানের অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। এ সিরিজের অপর দলটি বাংলাদেশ।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বাগতিক নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা করা হয়েছে। সেখানে নিজেদের অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে পাকিস্তান।

আগের দিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান রমিজ বলেছেন, '১৯৯২ বিশ্বকাপের আগে, আমাদের দলটি এক মাস আগে অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল এবং আমাদের স্থানীয় দলের বিপক্ষে খেলে ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সুযোগ ছিল।'

'আমি পিসিবির আন্তর্জাতিক বিভাগের পিছনে ছিলাম, যে কোনোভাবে একটি উপায় খুঁজে বের করতে যাতে আমাদের দল বিশ্বকাপের আগে ছয় থেকে সাতটি ম্যাচ খেলতে পারে। নিউজিল্যান্ডের পিচেও বাউন্স এবং গতি আছে, সেখানে ম্যাচ খেললে দল উপকৃত হবে,' যোগ করেন রমিজ।

ধারণা করা হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে এ ত্রিদেশীয় প্রতিযোগিতা শুরু হবে। সেখানে দলগুলো একে অপরের সাথে দুইবার করে মোকাবেলা করবে। সেক্ষেত্রে ফাইনালে উঠলে পাঁচটি ম্যাচ খেলতে পারবে দলগুলো।