‘বাংলাদেশ টাইগার্সে’ টেস্ট অধিনায়ক মুমিনুল, আছেন ইমরুল-সৌম্যরাও
জাতীয় দলের ব্যাকআপ মজবুত রাখতে বাংলাদেশ টাইগার্স নামে ছায়া জাতীয় দলের কার্যক্রম শুরু করেছে বিসিবি। বিশেষ এই প্রোগ্রামের জন্য ২৩ সদস্যের দলে রাখা হয়েছে টেস্ট অধিনায়ক মুমিনুল হককে।
মুমিনুল ছাড়াও জায়গা পেয়েছেন ইমরুল কায়েস, সৌম্য সরকাররা। টেস্ট দলের নিয়মিত ওপেনার সাদমান ইসলামকেও রাখা হয়েছে তাতে। আছেন সাইফ হাসানও বিপিএলে পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ টাইগার্সে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়।
বিপিএলে পারফর্ম করা আরেক তরুণ অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও নেওয়া হয়েছে এই দলে। অভিজ্ঞ পেসার রুবেল হোসেনের ঠিকানাও এখন বাংলাদেশ টাইগার্স। সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়া মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত নিজেদের ফিরে পাওয়ার জন্য সুযোগ পাচ্ছেন বিশেষ এই প্রোগ্রামে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এই ক্রিকেটারদের নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প। ক্যাম্পটি পরিচালনা কোচ মিজানুর রহমান বাবুল। ব্যাটিং কোচ হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ। বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আরেক সাবেক ক্রিকেটার নাজমুল হাসান। এছাড়া বিদেশি ফিল্ডিং কোচ ইংলিশ কুকি প্যাটেল ও এইচপির পেস বোলিং কোচ শ্রীলঙ্কার চম্পকা রামানায়েকেও থাকবেন বাংলাদেশ টাইগার্সের সঙ্গে।
মূলত জাতীয় দলের বাইরে থাকা এবং জাতীয় দলের কাছাকাছি থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের তৈরি রাখতে 'বাংলাদেশ টাইগার্স' চালুর উদ্যোগ নেওয়া হয়। চলতি বোর্ডে বাংলাদেশ টাইগার্সের নামে একটি কমিটি করে তার দায়িত্ব দেওয়া হয় বোর্ড পরিচালক কাজী ইনাম আহমেদকে। তিনি জানিয়েছিলেন, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের প্লাটফর্ম হবে এই দল।
বাংলাদেশ জাতীয় দল যখন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকবে তখন চলবে টাইগার্সের ট্রেনিং। মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বাইরে থাকায় প্রস্তুতির অংশ হিসেবে এখানে আছেন টেস্ট মুমিনুল। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে মুমিনুলের হাতে কোন খেলা নেই। বিসিবি সেই ভাবনা থেকেই টেস্ট দলের পেসার আবু জায়েদ রাহি, অফ স্পিনার নাঈম হাসানদেরও যুক্ত করেছে তাতে। শনিবার সংবাদ সম্মেলনে এমনটিই জানান ইনাম, 'আমাদের ঠিক করেছিলাম যখন ক্যাম্প করব তখন যদি জাতীয় দলের অন্য কোন সংস্করণের খেলোয়াড়রা ফাঁকা থাকে তাহলে তাদের এই প্রোগ্রামে যুক্ত করা হবে।'
আগামী মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন টেস্ট দলের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের যুক্ত করা হবে এই প্রোগ্রামে। পুরো বছরব্যাপী চালানো হবে টাইগার্সের কার্যক্রম।
বাংলাদেশ টাইগার্স: মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, পিনাক ঘোষ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলি, জাকির হাসান, তাইজুল ইসলাম, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, সৈয়দ খালেদ আহমদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী।