বাসে করে পাকিস্তান ঢুকে বাংলাদেশের ফ্লাইট ধরবে আফগান যুবারা

স্পোর্টস ডেস্ক

তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখলের পরই দেশটিতে চলছে অস্থিরতা। সহিংসতায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন মানুষ। কাবুল থেকে বিমান যোগাযোগ বন্ধ থাকায় পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ খেলতে পারেনি আফগানিস্তান জাতীয় দল। তবে তাদের যুব দলের বাংলাদেশ সফর নিয়ে হাল ছাড়ছে না তারা। বাংলাদেশ আসতে বিকল্প পথ বেছে নিয়েছে আফগানরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি যুব টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে মঙ্গলবার বাংলাদেশে পা রাখার কথা ছিল আফগানদের। কিন্তু সেটির সম্ভাবনা আপাতত নেই। ৭ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকলেও সিরিজটি পিছিয়ে যাওয়ার বাস্তবতা এখন প্রবল।

কয়েকদিন পিছিয়ে গেলেও সিরিজটি নিয়ে আশাবাদী আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে তাদের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান জানিয়েছেন, সড়ক পথে পাকিস্তানে প্রবেশের ভিসার আবেদন করেছেন তারা। ভিসা পেলেও রওয়ানা দেবেন বাংলাদেশের উদ্দেশ্যে।

আপাতত আফগানদের পরিকল্পনা হচ্ছে সড়ক পথে পাকিস্তান প্রবেশ করা এবং পাকিস্তান থেকে ঢাকার ফ্লাইট ধরা।

এদিকে আফগানিস্তান আসার অপেক্ষায় থাকা বিসিবি সিরিজ পেছাতে কোন আপত্তির কারণ দেখছে না। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার গণমাধ্যমকে জানান এমনটাই,  'সেপ্টেম্বরে যেহেতু আমাদের কোন খেলা নেই, তারা এক সপ্তাহ দেরি করে এলেও সমস্যা নেই। এই সিরিজের জন্য অনেকদিন ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা চাই সিরিজটা হোক।'

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের সব ম্যাচ। এই সিরিজ উপলক্ষে গত ১৯ অগাস্ট থেকে সিলেটে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।