বিতর্কিত আম্পায়ারিং এড়াতে গঠনতন্ত্রে বদল আনবে বিসিবি
ঢাকা প্রিমিয়ার লিগ এলেই বিতর্কিত আম্পায়ারিং ইস্যু সামনে চলে আসে। আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ দেখা যায় নামী ক্রিকেটারদেরও। অভিযোগ উঠে, কাউন্সিলরশিপের হিসেব নিকেশে প্রভাবিত হয় মাঠের খেলা। এবার এই অভিযোগের পথ বন্ধ করতে চান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওতে হবে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এবারের এজিএমে অন্যতম ইস্যু হতে যাচ্ছে গঠনতন্ত্রের বদল নিয়ে সিদ্ধান্ত। আঞ্চলিক ক্রিকেট সংস্থার কাঠামোর পাশাপাশি ক্লাব কাউন্সিলর নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত।
গত ২ জুন বোর্ড সভা শেষে বেরিয়ে বোর্ড প্রধান জানিয়েছিলেন, বিতর্ক এড়াতে ক্লাব কাউন্সিলরশিপের নিয়মে তারা বদল আনতে চান। চলমান নিয়ম অনুযায়ী ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ক্লাবগুলোর মধ্যে যে ছয় ক্লাব সুপার লিগে উঠতে পারে তারা কাউন্সিলরশিপেও পান বাড়তি সুবিধা। সুপার লিগে উঠা ছয় ক্লাবের দুজন করে প্রতিনিধি বিসিবির কাউন্সিলর হতে পারেন। বোর্ড প্রধান সেদিন জানিয়েছিলেন, সব ক্লাবই এক্ষেত্রে থাকবে সমান। অর্থাৎ সুপার লিগে উঠা দলগুলো থেকেও কাউন্সিলর হতে পারবেন একজনই।
১৭ জুলাই বিসিবির পরিচালনা পর্ষদের আরেক সভাতেও বিষয়টি আলোচিত হয়েছে। ১৯ জুলাই এজিএমে এই নিয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
বোর্ড সভাপতি আশা করছেন, সুপার লিগে উঠা দলগুলোর জন্য বাড়তি কাউন্সিলরশিপ না থাকলে বিতর্কিত আম্পায়ারিং ইস্যুটিও আর থাকবে না।