বিপিএল নিয়ে সাকিবের মন্তব্যে পাপন বললেন, 'প্রশ্নই ওঠে না'

ক্রীড়া প্রতিবেদক

কয়েক দিন আগে সাকিব আল হাসানের একটি মন্তব্য জন্ম দেয় আলোচনা-সমালোচনার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি লাইভ অনুষ্ঠানে তিনি বলেন, বিপিএল বিশ্বের পঞ্চম বা ষষ্ঠ সেরা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট। তবে তার এই দাবিকে জোরালোভাবে প্রত্যাখ্যান করলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তিনি জানালেন, বাংলাদেশের শীর্ষ তারকার ওই মন্তব্যের সঙ্গে একমত হওয়ার 'প্রশ্নই ওঠে না'।

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টির পর সাংবাদিকদের মুখোমুখি হন পাপন। সেখানে এক প্রশ্নের জবাবে বোর্ড সভাপতির উত্তর, সাকিবের দাবির সঙ্গে একমত নন তিনি, 'প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না।'

দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্তার দৃষ্টিতে, ভারতের আইপিএল ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের সঙ্গে শীর্ষ তিন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের তালিকায় বাংলাদেশের বিপিএলের অবস্থান, 'আমি যতটুকু জানি, এখন পর্যন্ত যত জায়গায় খেলা হয়েছে... আইপিএল, বিগ ব্যাশ আর আমাদেরটা- এই তিনটার নামই আমি সবসময় শুনে এসেছি। এছাড়া, কোনো নাম আমি শুনিনি কোথাও।'

এবার জমকালোভাবে আয়োজিত হয় পিএসএল। তাতে অনেকেই পাকিস্তানের টুর্নামেন্টটির প্রশংসায় হন পঞ্চমুখ। অন্যদিকে, ডিআরএস না থাকাসহ নানা কারণে বিপিএলকে শুরু থেকেই পড়তে হয় নানা রকমের সমালোচনার মুখে।

সাকিবের মন্তব্যকে তার ব্যক্তিগত উল্লেখ করে বিসিবি প্রধান জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে নিজেদের আয়োজন নিয়ে সন্তুষ্ট তারা, 'আপনারা বলতে পারেন ক্যারিবিয়ান লিগ (সিপিএল), আপনারা বলতে পারেন পিএসএল। পিএসএল কিন্তু এবার প্রথম না। পিএসএল কিন্তু শুরু হয়েছে আরও আগে থেকেই। তখন কিন্তু কিছু বলা হয়নি। এবার যেহেতু কোভিডের জন্য আমরা অনেক কিছু করিনি, হুলস্থূল করিনি, মানুষ ঢুকতে দেইনি (স্টেডিয়ামে), পিএসএল কিন্তু সেগুলো করেছে, সেহেতু পিএসএলকে বেশি জাঁকজমকপূর্ণ লেগেছে। সেটা ঠিক আছে। আমরা তো অস্বীকার করছি না। তবে আমরা আমাদের টুর্নামেন্ট নিয়ে সন্তুষ্ট।... এটা তার (সাকিবের) ব্যক্তিগত মতামত।'

উল্লেখ্য, সবশেষ বিপিএলে সাকিবের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে হয় রানার্সআপ। দল শিরোপা না পেলেও ব্যাটে-বলে আলো ছড়িয়ে সাকিব জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে সম্প্রতি এক ফেসবুক লাইভে বিপিএলের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি বিশ্বের পঞ্চম কিংবা ষষ্ঠ সেরা টুর্নামেন্ট।