বিশ্বকাপের পরপরই বাংলাদেশে আসছে পাকিস্তান, সূচি চূড়ান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরে তারা তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে টাইগারদের সঙ্গে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৬ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপের পর এটাই হবে পাকিস্তানের প্রথম বাংলাদেশ সফর।
দিবারাত্রির টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই। আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। পরের দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তা শুরু হবে আগামী ২৬ নভেম্বর। এরপর আবার ঢাকায় ফিরবে দুই দল। ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে। ম্যাচ দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু হবে বাংলাদেশের।
সূচি চূড়ান্ত হলেও এখনও ম্যাচগুলো শুরুর সময় নির্ধারণ করেনি বিসিবি।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ১৭ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর। আসরের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে ওমানে। এরপর সুপার টুয়েলভ রাউন্ড অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।