বিশ্বকাপের পর কোহলির বদলে ভারতের নেতৃত্বে রোহিত!
সীমিত সংস্করণের ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব নিয়ে আলোচনা অনেক দিনের। বড় টুর্নামেন্টে সাফল্যের বিচারে বিরাট কোহলির জায়গায় রোহিত শর্মার নাম উঠে বারবার। এবার হয়ত হতে যাচ্ছে সেটাই। নিজে থেকেই রঙ্গিন পোশাকে নেতৃত্ব ছাড়তে যাচ্ছেন কোহলি। বিশ্বকাপের পর তার জায়গা নিবেন রোহিত!
এমন খবরই দিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তাদের খবর অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নেতৃত্ব ছাড়বেন কোহলি। এরপর কেবল টেস্টে নেতৃত্ব চালিয়ে যাবেন তিনি।
সাদা বলের ক্রিকেটে কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়ে নজর কাড়েন রোহিত। তার নেতৃত্বে ২০১৮ সালে নিদহাস ট্রফি ও এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু লম্বা সময় নেতৃত্ব দিলেও এমন কোন টুর্নামেন্টে দলকে জেতাতে পারেননি কোহলি।
কোহলির থেকে সাদা বলে রোহিত ভালো অধিনায়ক কিনা এই আলোচনার খোরাক যোগায় আইপিএলও। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি শিরোপা এনে দিয়েছেন রোহিত। বিপরীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখনো ট্রফি উঁচিয়ে ধরা হয়নি অধিনায়ক কোহলির। ব্যাটিং ক্যারিয়ারকে আরও লম্বা করতে চাপমুক্ত হতে চাইছেন তিনি।
তবে সাফল্য ব্যর্থতার জন্য নয়। কোহলি নাকি নেতৃত্ব ছাড়বেন ব্যাটিংয়ে
মনোযোগ দিতে। ভারতীয় ক্রিকেট বোর্ড - বিসিসিআই'র সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার ভাষ্যে তারা জানিয়েছেন, সাদা বলে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার নাকি উপলব্ধি হয়েছে, তিন সংস্করণের নেতৃত্বের চাপ প্রভাব ফেলছে ব্যাটিংয়ে।