বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারানোই বাবরের সেরা মুহূর্ত

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে একচ্ছত্র দাপট ছিল ভারতের। ভারতের সেই দর্প এবার আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ করেছে পাকিস্তান। তাও ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপে পাকিস্তানকে এমন দারুণ জয় এনে দেওয়াটাই বছরের সেরা মুহূর্ত বলে জানিয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম।  

আমিরশাহিতে সেদিন ভারতকে শুরুতেই কোণঠাসা করে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। কার্যত ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়ে দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে ফেরান অসাধারণ দুটি ডেলিভারিতে। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা ছিলেন এ পেসারই। এরপর বাবরের অপরাজিত ৬৮ এবং রিজওয়ানের অপরাজিত ৭৯ রানে ভর করে ঐতিহাসিক জয় তুলে নেয় পাকিস্তান।

বছরের শেষে সেই জয়ের কথা আরও একবার মনে করলেন বাবর। সেই মুহূর্তকে ভাষায় প্রকাশ করতে কার্যত অসম্ভব বলেই মনে করেন পাকিস্তানি অধিনায়ক, 'আমি সেই মুহূর্তটা ভাষায় প্রকাশ করতে পারব না। (ভারতের বিপক্ষে) আমরা আমাদের অতীত রেকর্ড নিয়ে ভাবছি না। আমরা বর্তমান পারফরম্যান্স নিয়ে বেশি চিন্তিত। যে ভাবে আমরা শুরু এবং শেষ করেছিলাম। যে পরিবেশ, উন্মাদনা তৈরি হয়েছিল তা এক কথায় অসাধারণ।'

নতুন ইতিহাস গড়ে উচ্ছ্বসিত এ তারকা ব্যাটার আরও বলেন, 'সমর্থকদের প্রতিক্রিয়াও ছিল অসাধারণ। ভারতের বিপক্ষে ওই ম্যাচের আগে বিশ্বকাপে আমাদের দেশ কোনো জয় পায়নি। আল্লাহ আমাদের সহায়তা করেছে, সেই পরিসংখ্যান বদলাতে। এটা দলগত ব্যাপার ছিল। আমাদের নিজেদের প্রতি আস্থা ছিল। শুরু নয় বরং আপনি কী ভাবে শেষ করছেন, সেটা গুরুত্বপূর্ণ। আমরা যে ভাবে বছরটা শেষ করেছি তা খুব উল্লেখ্য। প্রতি ম্যাচেই আমাদের আলাদা আলাদা ম্যাচের সেরা হওয়ার যোগ্য ক্রিকেটার ছিল। হার থেকে আমরা শিক্ষা নিয়ে প্রতিদিন উন্নতি করার চেষ্টা করছি।'