বিসিএল শুরুর দিনে মজিদের করোনাভাইরাস নিয়ে বিতর্ক
মাঝে এক মৌসুম বিরতির পর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে গড়িয়েছে আজ রোববার থেকে। তবে ম্যাচ শুরুর আগে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন ওয়ালটন মধ্যাঞ্চলের ওপেনিং ব্যাটার আবদুল মজিদ। যদিও মধ্যাঞ্চল ফ্র্যাঞ্চাইজি ওয়ালটনের দাবি, তাদের করানো র্যাপিড টেস্টে নেগেটিভ এসেছেন তিনি।
শুক্রবার রাত মধ্যাঞ্চলের ক্রিকেটারদের নমুনা নেয় বিসিবি। রোববার সকালে যখন একাদশ প্রস্তুত করা হয় রিপোর্ট আসে তখন। সেখানে দেখা যায় করোনা পজিটিভ এসেছেন মজিদ। এমনিতে মজিদ সুস্থ ও ফিট ছিলেন বলে জানিয়েছে ওয়ালটন।
এ ঘটনার পর ওয়ালটনের পক্ষ থেকে পুনরায় র্যাপিড টেস্ট করানো হয় মজিদের। তাতে নেগেটিভ আসে তার। কিন্তু টুর্নামেন্টের প্রটোকল অনুযায়ী খেলার অনুমতি দেওয়া হয়নি মজিদকে। এবারের জাতীয় লিগেও তৃতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক ছিলেন মজিদ। ছয় ম্যাচে ৪৩.২১ গড়ে করেছিলেন ৫২১ রান। ফলে তাকে না পাওয়া দলটির জন্য বড় ধাক্কাই।
টুর্নামেন্টের প্রটোকল অনুযায়ী, করোনাভাইরাসের আশঙ্কা বা উপসর্গ থাকলে আলাদা করে ফেলা হবে সেই খেলোয়াড়কে। পজিটিভ এলে থাকতে হবে ১০ দিনের আইসোলেশনে। তবে সপ্তম থেকে দশম দিনের মধ্যে উপসর্গ না থাকলে ফলাফলের ভিত্তিতে দলের সঙ্গে যোগ দিতে পারবেন সে খেলোয়াড়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নেমেছে ওয়ালটন মধ্যাঞ্চল। আর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে মোকাবেলা করছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। বিসিবির ইউটিউব চ্যানেলে দেখা যাবে বিসিএলের ম্যাচগুলো।