বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ইয়াসির-জয়, সৌম্যসহ বাদ পাঁচ ক্রিকেটার
ইয়াসির আলী রাব্বি ও মাহমুদুল হাসান জয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন। আগের বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য সরকারসহ পাঁচ ক্রিকেটার। সম্প্রতি বোর্ডের সঙ্গে বিতর্কের জড়ানো তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন তিন সংস্করণের চুক্তিতে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য ২১ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই চুক্তির মেয়াদ চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তিন সংস্করণের জন্য আলাদা চুক্তির পদ্ধতি বিসিবি চালু করে গত বছর। এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
পারিবারিক কারণে বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলতে যাননি সাকিব। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট সিরিজে না খেলার কথা আগেই বোর্ডকে জানিয়েছিলেন তিনি। কিন্তু আইপিএলে অবিক্রীত থেকে যাওয়ায় পাল্টে যায় পরিস্থিতি। এরপর সাকিবের সম্মতিতেই তাকে রেখে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছিল বিসিবি। তবে গত রোববার তিনি জানান, প্রোটিয়াদের বিপক্ষে খেলার মতো শারীরিক ও মানসিক অবস্থা নেই তার। সাকিবের এই মন্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে।
নানান নাটকীয়তার পর শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না সাকিব। তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অর্থাৎ চলতি বছরে বাংলাদেশের প্রথম চার টেস্টের একটিতেও থাকছেন না তিনি। সাকিবের বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'সাকিব কখনও বলেনি যে সে কোনো একটি সংস্করণে খেলতে আগ্রহী নয়। তার সম্মতি নিয়েই তাকে সব সংস্করণের চুক্তিতে রাখা হয়েছে।'
সাকিব, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম- এই পাঁচ জন আছেন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অর্থাৎ তিন সংস্করণের চুক্তিতে। টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিশ্রামে থাকা তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে টেস্ট ও ওয়ানডের চুক্তিতে। গতবার এই দুজনের সঙ্গে ছিলেন তাইজুল ইসলামও। তিনি এবার কেবল আছেন টেস্টের চুক্তিতে। তার সঙ্গের বাকিরা হলেন জয়, ইয়াসির, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম ও ইবাদত হোসেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে আছেন মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন। শুধু টি-টোয়েন্টির চুক্তিতে ঠাঁই পেয়েছেন নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। সৌম্যের পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে এবার জায়গা হয়নি আবু জায়েদ রাহী, সাইফউদ্দিন, সাইফ হাসান ও শামিম পাটোয়ারীর।