বিসিবির সঙ্গে সম্পর্ক শেষ হলো ফিজিও ক্যালেফাতোর
ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে সম্পর্ক শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ব্যক্তিগত কারণ দেখিয়ে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান।
শুক্রবার দ্য ডেইলি স্টারকে ক্যালেফাতোর চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।
বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার আকরাম বলেছেন, 'ব্যক্তিগত কারণে সে (ক্যালেফাতো) আর থাকছেন না আমাদের সাথে। এমনিতেও তার চুক্তি শেষ হয়ে গিয়েছে। আমরা পরবর্তী সিরিজের জন্য নতুন কাউকে খুঁজব।'
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করেছেন ক্যালেফাতো। তিনি লিখেছেন, '(আপাতত) এখানে আমার ইনিংস শেষ। বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ সম্পন্ন করার পর অনেক চিন্তাভাবনা করে আমি বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
তিনি যোগ করেছেন, 'এই মহামারি (করোনাভাইরাস) চলাকালীন একজন ভ্রাম্যমাণ আন্তর্জাতিক ক্রিকেট ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ-সুবিধা পেলেও আমাদের সকলের ও খেলোয়াড়দের জন্য কোয়ারেন্টিন ও জৈব সুরক্ষা বলয়ের সীমাবদ্ধতার সঙ্গে মানিয়ে নিয়ে ভীষণ চ্যালেঞ্জের ছিল।'
উল্লেখ্য, ২০১৯ সালের অগাস্টে ফিজিও হিসেবে ক্যালেফাতোকে নিয়োগ দিয়েছিল বিসিবি। এছাড়া, চলতি মাসের প্রথমদিকে ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় বোর্ড।