বিয়ের পিঁড়িতে বসতে পাকিস্তান সিরিজে নেই ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক

১২ বছর পর ফের পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সিরিজটি খেলতে মুখিয়ে আছেন অনেক অজি তারকাই। ছিলেন গ্লেন ম্যাক্সওয়েলও। তাকে খুব করে চেয়েছিল অস্ট্রেলিয়াও। কিন্তু শেষ পর্যন্ত এ সফরে যেতে পারছেন না এ অলরাউন্ডার। কারণ আগামী ২৭ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ম্যাক্সওয়েল।

অনেক দিন থেকে বান্ধবী ভিনি রমনের সঙ্গে সম্পর্ক ম্যাক্সওয়েলের। তবে বিয়ের সময়টা বের করতে পারছিলেন না। করোনাভাইরাসের বিধিনিষেধের সঙ্গে ক্রিকেট ব্যস্ত সূচিও রয়েছে। তবে যখন সময় করে উঠতে পারলেন, তখনই পাকিস্তান সিরিজ নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আগামী ৫ মার্চ প্রথম টেস্ট দিয়ে শুরু দুই দলের ঐতিহাসিক এ সিরিজ। বাকি দুই ম্যাচ ১২ ও ২১ মার্চ থেকে শুরু। চাইলে প্রথম দিকে থাকতে পারতেন ম্যাক্সওয়েল। তবে বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য পুরো সিরিজের জন্যই নিজেকে সরিয়ে নিয়েছেন এ তারকা।

সম্প্রতি চ্যানেল ফক্স স্পোর্টসের সঙ্গে আলাপকালে এ অজি তারকা জানিয়েছেন, 'মূলত যখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপ করে সময় ঠিক করেছিলাম তখন দুই সপ্তাহের একটি গ্যাপ ছিল, ওই সময় (বিয়েটা) সারতে পারতাম। যখন সবকিছু ঠিক করলাম, আমি খুশি ছিলাম যে আমাকে কোনো সিরিজ মিস করতে হবে না।'

তবে পরে সিএ সঙ্গে আলাপকালে জানতে পারেন এ সময়ে পাকিস্তানে যাচ্ছে অজিরা। ম্যাক্সওয়েলের ভাষায়, 'গত বছরের মাঝামাঝি সিএ-এর সঙ্গে যখন চুক্তির আলাপ করতে গেলাম তখন তারা বলল পাকিস্তান সিরিজ হতে যাচ্ছে। তখন এটাও বুঝতে পারলাম, বোর্ডের সঙ্গে আমার সবশেষ আলাপের পরই এই পরিবর্তন এসেছে।'

তবে বিয়ে পেছানোর জন্য আরেক দফা চেষ্টা চালিয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে বান্ধবী ভিনি রাজী হননি। তাই আক্ষেপ করেই বলেন, 'আমার মনে হয়, আর কোনো সুযোগ নেই (বিয়ে) পেছানোর।'

এদিকে এপ্রিলের শুরুতে মাঠে গড়াবে আইপিএল। স্বাভাবিকভাবে শুরুর দিকের কিছু ম্যাচে ম্যাক্সওয়েলকে নাও পেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন ম্যাক্সওয়েল। টানা তিন ম্যাচ জিতে এরমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।