বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার পর আবিদের হৃদরোগ শনাক্ত

ক্রীড়া প্রতিবেদক

কায়েদ-ই-আজম ট্রফিতে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ব্যাট করছিলেন আবিদ আলি। পাকিস্তান টেস্ট দলের এই ওপেনার ব্যাট করার সময়ই দুবার বুকে ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নিলে তার হৃদযন্ত্রে একটি সমস্যা ধরা পড়ে।

মঙ্গলবার করাচির ইউবিএল গ্রাউন্ডে শেষ দিনে ব্যাট করছিলেন আবিদ। ৬১ রানে ব্যাট করা অবস্থা থেকে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়  এই ডানহাতি ওপেনারকে তখন পাঠানো হয় হাসপাতালে।

নিবিড় স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায়, অ্যাকিউট করোনারি সিনড্রোমে ভুগছেন আবিদ। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, আপাতত সুস্থ বোধ করছেন আবিদ। তবে তাকে রাখা হয়েছে বিশ্রামে।

তিনি এই মুহূর্তে একজন হৃদরোগ বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা নিচ্ছেন। যার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পিসিবির মেডিকেল বিভাগ।

৩৩ বছর বয়েসে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর সময়টা দারুণ কাটছে আবিদের। ১৬ টেস্টে ৪৯.১৬ গড়ে করে ফেলেছেন ১১৮০ রান। সম্প্রতি বাংলাদেশে খেলতে এসে প্রথম টেস্টের দুই ইনিংসে করেন ১৩৩ ও ৯১ রান। দ্বিতীয় টেস্টে একমাত্র ইনিংসে করেন ৩৯ রান। দেশে গিয়ে কায়েদ-ই-আজম ট্রফিতে চার ইনিংসে করেন ৯৮, ৪, ৪ ও ৬১ রান।