বৃষ্টিতে দ. আফ্রিকা-ভারত টেস্টের দ্বিতীয় দিনের খেলা পণ্ড

স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়ানে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে খলনায়ক হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। দ্বিতীয় দিনের খেলায় শুরু করা যায়নি। ফলে একটি বলও মাঠে গড়াতে পারেনি।

প্রথম টেস্টের প্রথম দিনে সূচনাটা ভালোই করেছে ভারত। সে ধারা বজায় রেখে দ্বিতীয় দিনে টেস্টের নিয়ন্ত্রণ নেওয়াই ছিল তাদের লক্ষ্য। কিন্তু বাগড়া দেয় বৃষ্টি। পুরো একদিন গেল বৃষ্টির পেটে।

সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয় সেঞ্চুরিয়ানে। সারা দিন দফায় দফায় হলো বৃষ্টি। মাঝে কিছুক্ষণ থামলে ফের শুরু হয়। উল্টো বিকেলের দিকে তীব্রতা আরও বাড়ে। বাধ্য হয়েই এদিনের খেলা বাতিল করে দেন আম্পায়াররা।

মঙ্গলবার অবশ্য নির্ধারিত সময়েই শুরু হবে তৃতীয় দিনের খেলা। তবে ঘাটতি পোষাতে দিনের শেষে বাড়তি আধা ঘণ্টা খেলা হবে। তবে সেটা নির্ভর করছে আবহাওয়ার উপর।

দিনের শেষ সময়ে যথেষ্ট পরিমাণ আলো থাকলে সেক্ষেত্রে ৯৮ ওভার খেলা হওয়ার কথা রয়েছে।

তবে দ্বিতীয় দিনে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে তৃতীয় দিনে বৃষ্টি না হলেও মাঠ পরিচর্যা করে খেলার উপযুক্ত করতে সময় লাগবে। অন্যথায় তৃতীয় দিনের খেলাতেও প্রভাব পড়তে পারে।

আগের দিন ৩ উইকেটে ২৭২ রান তুলে দিন শেষ করেছিল ভারত। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়ে ১২২ রানে অপরাজিত রয়েছেন রাহুল। তার সঙ্গে অজিঙ্কা রাহানে অপরাজিত আছেন ৪০ রানে।