বৃষ্টির কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে টস হতে দেরি

ক্রীড়া প্রতিবেদক

আবহাওয়ার পূর্বাভাসে ছিল বৃষ্টির শঙ্কা। সেই শঙ্কা রূপ নিল বাস্তবে। শুক্রবার বিকাল পাঁচটার কিছুক্ষণ পরে মিরপুরে নামল ঝুম বৃষ্টি। তাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হতে দেরি হচ্ছে।

আগে থেকেই অবশ্য শের-ই-বাংলা স্টেডিয়ামে আকাশে ছিল মেঘের আনাগোনা। তাই প্রাথমিক সতর্কতা হিসেবে উইকেট ও তার আশেপাশের অংশ ঢেকে রাখা হয়েছিল। এই প্রতিবেদন লেখার সময়ও চলছে বর্ষণ। তবে সেটার তোড় অনেক কমে গেছে।

সূচি অনুসারে, সন্ধ্যা ছয়টায় ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়াবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, মাঠ খেলার উপযোগী করতে আরও সময় লাগবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলের সামনে।

প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানের জয় পায় বাংলাদেশ। স্বাগতিকদের ৭ উইকেটে ১৩১ রানের জবাবে অজিরা অলআউট হয় ১০৮ রানে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।

দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয় আসে ৫ উইকেটে। অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১২১ রান তোলার পর বাংলাদেশ ৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়। অপরাজিত ৩১ বলে ৩৭ রানের ইনিংসে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আফিফ হোসেন।