বেয়ারস্টো-মইনের ঝড়ে দ. আফ্রিকাকে হারাল ইংল্যান্ড
শুরুর ধাক্কা সামলে জ্বলে উঠলেন ইংলিশ ব্যাটাররা। আর জনি বেয়ারস্টো ও মইন আলী নেমে তো রীতিমতো তাণ্ডব চালাতে শুরু করেন। তাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংলিশদের কাছে রীতিমতো উড়ে গেছে প্রোটিয়ারা। দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।
বুধবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকাকে ৪১ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান করে তারা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৩ রান তুলতে সমর্থ হয় প্রোটিয়ারা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ইংলিশরা। যদিও দলীয় ৪১ রানেই দুই ওপেনার জেসন রয় ও জস বাটলারকে হারায় দলটি। এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন বেয়ারস্টো। ৭১ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার।
মালানের বিদায়ে এ জুটি ভাঙলে বেয়ারস্টোর সঙ্গে জুটি বাঁধেন মইন। নেমেই ঝড় তুলতে থাকেন মইন। দুই প্রান্ত থেকে দানবীয় ব্যাটিংয়ে মাত্র ৫.৫ ওভারে ১০৬ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। ফলে প্রোটিয়াদের সামনে বিশাল লক্ষ্যই দ্বার করে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো। ৫৩ বলে ৩টি চার ও ৮টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ১৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন মইন। ২টি চার ও ৬টি ছক্কায় এ রান করেন এ অলরাউন্ডার। এছাড়া মালান ২৩ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩৯ রানের খরচায় ৫টি উইকেট পান লুঙ্গি এনগিডি।
জবাবে দলীয় ৭ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে হেনরিক ক্লাসেনকে নিয়ে দলের হাল ধরেন রিজা হেন্ডরিকস। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামনে নেওয়ার চেষ্টা করেন এ দুই ব্যাটার। তবে এরপর ১৪ রানের ব্যাবধানে এ দুই সেট ব্যাটারকে হারালে ফের চাপে পড়ে দলটি।
এরপর এক প্রান্তে ঝড় তুলতে থাকেন ট্রিস্টান স্টাবস। অধিনায়ক ডেভিড মিলারের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন। যদিও সেখানে অধিনায়কের অবদান মাত্র ৮ রান। এরপর মিলার আউট হলে আদিল ফেলুকায়ুর সঙ্গে আরও ৪৮ রানের জুটি গড়ে আউট হন স্টাবস। তবে রানের গতি সে অর্থে বাড়াতে পারেননি। ফলে ৪১ রান দূরেই থামতে হয় দলটিকে।
দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন স্টাবস। ২৮ বলে ২টি চার ও ৮টি ছক্কায় এ রান করেন তিনি। ৩৩ বলে ৫৭ রান করেন হেন্ডরিকস। ৯টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ইংলিশদের পক্ষে ৫১ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন রিচার্ড গ্লেসন। এছাড়া ২টি করে উইকেট পান রিস টপলি ও আদিল রশিদ।