বোনারের নয় ঘণ্টার ম্যারাথন ইনিংসে উইন্ডিজের লিড

স্পোর্টস ডেস্ক

জেসন হোল্ডারের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজ কত দূর এগোবে তা নিয়ে ছিল প্রশ্ন। আপন মহিমায় অসীম ধৈর্যের পরিচয় দিয়ে সেই জিজ্ঞাসার জবাব দিলেন এনক্রুমা বোনার। সবমিলিয়ে নয় ঘণ্টার বেশি সময় উইকেটে থেকে তিনি পেলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ব্যাটিং অর্ডারের নিচের দিকের সতীর্থদের নিয়ে গড়লেন বেশ কয়েকটি কার্যকর জুটি। তাতে ইংল্যান্ডের পুঁজি পেরিয়ে লিড নিল ক্যারিবিয়ানরা।

শুক্রবার অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ৬২ রানে এগিয়ে আছে স্বাগতিক উইন্ডিজ। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৯ উইকেটে ৩৭৩ রানে। সফরকারী ইংলিশদের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৩১১ রান।

৫৫৮ মিনিট ক্রিজে থাকা বোনার দিনের খেলা শেষ হওয়ার দুই ওভার বাকি থাকতে সাজঘরে ফেরেন। আগের দিনের ৩৪ রান নিয়ে নেমেছিলেন তিনি। তার ম্যারাথন ইনিংস থামে ১২৩ রানে। ৩৫৫ বল মোকাবিলা করে এই ডানহাতি ব্যাটার মারেন ১২ চার ও ১ ছক্কা। তিনি শিকার হন অনিয়মিত স্পিনার ড্যান লরেন্সের। উইকেটের পেছনে বেন ফোকস ক্যাচ নিলেও শুরুতে ইংল্যান্ডের আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। পরে রিভিউ নিয়ে বোনারকে আউট করে তারা।

সকালে খেলা শুরুর পরপরই হোল্ডারকে উইকেটরক্ষক ফোকসের ক্যাচ বানান বেন স্টোকস। ১১৯ বলে ৪৫ রান আসে তার ব্যাট থেকে। এরপর এক প্রান্ত আগলে রেখে ইংল্যান্ডের বোলারদের কঠিন সময় উপহার দেন বোনার।

ষষ্ঠ উইকেটে জশুয়া ডা সিলভার সঙ্গে ১৬০ বলে ৭৩ রান যোগ করেন বোনার। ৮৮ বলে ৩২ করে বাঁহাতি স্পিনার জ্যাক লিচের বলে এলবিডব্লিউ হন জশুয়া। আলজারি জোসেপকে টিকতে দেননি ক্রেইগ ওভারটন। এতে ২৮২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ। তবে উইকেটে মাটি কামড়ে পড়ে থাকা বোনার এরপর আরও দুটি ভালো জুটি গড়ায় নেতৃত্ব দেন।

কেমার রোচ বোনারকে দারুণ সঙ্গ দিয়ে ৮৯ বলে করেন ১৮ রান। তাদের জুটিতে আসে ১৭৩ বলে ৪৪ রান। দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে রানআউটে কাটা পড়েন রোচ। পরে ভিরাসামি পেরমলের সঙ্গে বোনারের জুটিতে আসে ১৬২ বলে ৪৬ রান। পেরমল অপরাজিত আছেন ৮৭ বলে ২৬ রানে। তার সঙ্গী জেইডেন সিলস ৫ বল খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি।