ব্র্যাথওয়েট-ব্ল্যাকউডের সেঞ্চুরিতে এগোচ্ছে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

একশ পেরিয়ে ৩ উইকেট খুইয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজের হাল ধরলেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও জার্মেইন ব্ল্যাকউড। বড় জুটি গড়ার পাশাপাশি দুজনেই তুলে নিলেন সেঞ্চুরি। তবে মন্থর ব্যাটিংয়ের কারণে সারাদিন খুব বেশি রান যোগ হলো না স্কোরবোর্ডে। শেষদিকে ব্ল্যাকউড ফিরে গেলেও অপরাজিত আছেন অধিনায়ক ব্র্যাথওয়েট।

বার্বাডোজের ব্রিজটাউনে তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিক ক্যারিবিয়ানদের সংগ্রহ ৪ উইকেটে ২৮৮ রান। হাতে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের চেয়ে প্রথম ইনিংসে তারা এখনও পিছিয়ে আছে ২১৯ রানে। ক্রিজে আছেন ওপেনার ব্র্যাথওয়েট ৩৩৭ বলে ১০৯ ও নাইটওয়াচম্যান আলজারি জোসেফ ১৭ বলে ৪ রানে।

এদিন খেলা হয়েছে পুরো ৯০ ওভার। আগের দিনের ১ উইকেটে ৭১ রান নিয়ে খেলতে নামা উইন্ডিজ ৩ উইকেট খুইয়ে যোগ করেছে ২১৭ রান। প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে চাপে পড়ার পর মাটি কামড়ে ক্রিজে পড়ে থাকাতেই মনোযোগ ছিল ব্র্যাথওয়েট ও ব্ল্যাকউডের।

শামার ব্রুকস ফেরেন বাজে শটে। জ্যাক লিচের অফ স্টাম্পের অনেক বাইরের শর্ট বলে পয়েন্টে ক্রিস ওকসের তালুবন্দি হন তিনি। ১০৫ বলে ৩৯ রান আসে তার ব্যাট থেকে। ৩৩ বলে ৯ রান করা এনক্রুমা বোনারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে টিকতে দেননি বেন স্টোকস।

এরপর চতুর্থ উইকেটে বিশাল এক জুটি পায় উইন্ডিজ। দ্বিতীয় সেশনে তাদের কোনো উইকেট তুলে নিতে পারেনি সফরকারী ইংলিশ বোলাররা। চা বিরতির পর স্বভাবসুলভ ব্যাটিংয়ে ২৭৮ বলে তিন অঙ্কে পৌঁছান ব্র্যাথওয়েট। আর ব্ল্যাকউড সেঞ্চুরি স্পর্শ করেন ২০৭ বলে।

দিনের খেলা শেষ হওয়ার কয়েক ওভার আগে ভুল করে বসেন ব্ল্যাকউড। ড্যান লরেন্সের বল না খেলে প্যাড আপ করেন তিনি। আম্পায়ার এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দিলে রিভিউ নিলেও পাল্টায়নি। ব্ল্যাকউড মাঠ ছাড়েন ২১৫ বলে ১০২ রানে। এতে ভাঙে ৪১১ বলে ১৮৩ রানের জুটি। এরপর জোসেফকে নিয়ে দিনের বাকিটা পার করে দেন ব্র্যাথওয়েট।