ভারতকে দুইশর মধ্যে বেঁধে ফেলার পর চাপে ইংল্যান্ড
দুই পেসার ক্রিস ওকস ও অলি রবিনসন মিলে ভারতকে গুঁড়িয়ে দিলেন দুইশ ছোঁয়ার আগে। তবে স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারল না ইংল্যান্ডও। দুই ওপেনার ও অধিনায়ক জো রুটকে ফিরিয়ে স্বাগতিকদের চাপে ফেলল বিরাট কোহলির দল।
বৃহস্পতিবার ওভালে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৬১.৩ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে সফরকারী ভারত। জবাবে প্রথম দিন শেষে ইংলিশদের সংগ্রহ ১৭ ওভারে ৩ উইকেটে ৫৩ রান। হাতে ৭ উইকেট নিয়ে তারা পিছিয়ে আছে ১৩৮ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ২৮ রানে বিদায় নেন দলটির দুই ওপেনার। অষ্টম ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন ওকস। রবিনসন উইকেট উৎসবে শামিল হন কিছুক্ষণ পরেই। তার দারুণ একটি ডেলিভারিতে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন লোকেশ রাহুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।
চেতেশ্বর পূজারাকে থিতু হতে দেননি অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। এরপর রবীন্দ্র জাদেজা ও আজিঙ্কা রাহানের সঙ্গে যথাক্রমে ৩০ ও ৩৬ রানের দুটি ছোট জুটি গড়েন কোহলি। তবে ফিফটি ছোঁয়ার পরই সাজঘরে ফিরতে হয় তাকে। ৯৬ বলে ৮ চারে ৫০ রান করে রবিনসনের বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দেন তিনি। রাহানে ও রিশভ পান্তও দ্রুত ফিরলে দেড়শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে ভারতের।
অষ্টম উইকেটে উমেশ যাবদকে সঙ্গে নিয়ে ৪৮ বলে ৬৩ রানের জুটি গড়েন শার্দুল ঠাকুর। তাতে দুইশর কাছাকাছি পৌঁছায় ভারত। জুটিতে প্রায় সব রানই আসে পেসার শার্দুলের ব্যাট থেকে। মাত্র ৩১ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। ওকসের শিকার হওয়ার আগে ৭ চার ও ৩ ছক্কায় তিনি করেন ৩৬ বলে ৫৭ রান করেন। উমেশকে বেয়ারস্টোর তালুবন্দি করিয়ে চা বিরতির পর ইনিংসের ইতি টানেন রবিনসন।
ওকস ৪ উইকেট নেন ৫৫ রানে। ৩ উইকেট নিতে রবিনসন খরচ করেন ৩৮ রান। একটি করে উইকেট দখল করেন অ্যান্ডারসন ও ক্রেইস ওভারটন। বাকিটি রানআউট।
শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর তোপে পড়ে ইংল্যান্ড। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ররি বার্নসকে বোল্ড করার পর শেষ বলে আরেক ওপেনার হাসিব হামিদকে উইকেটরক্ষক পান্তের ক্যাচ বানান তিনি। বার্নস ১১ বলে করেন ৫ রান। ১২ বল খেলে শূন্য রানে মাঠ ছাড়েন হামিদ।
৬ রানে ২ উইকেট খোয়ানোর পর দলকে এগিয়ে নিতে থাকেন ডাভিড মালান ও রুট। আর কোনো বিপদ ছাড়াই দিন শেষ করার দিকে এগোচ্ছিলেন তারা। কিন্তু ১৬তম ওভারে ২৫ বলে ২১ রান করা রুটকে বোল্ড করে ভারতকে উল্লাসে মাতান উমেশ।
রুটের বিদায়ে ভাঙে ৪৬ রানের তৃতীয় উইকেট জুটি। ক্রিজে আছেন মালান ৪৬ বলে ২৬ রান নিয়ে। তার সঙ্গী নাইটওয়াচম্যান ওভারটনের সংগ্রহ ৮ বলে ১ রান। দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন তারা দুজন।