ভারতকে ১৮১ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক

ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল লড়াইয়ের পুঁজি পেল অষ্টম উইকেট জুটিতে। আইচ মোল্লা অল্পের জন্য বঞ্চিত হলেন সেঞ্চুরি থেকে। আশিকুর জামান তাকে দারুণ সঙ্গ দিয়ে পেলেন ফিফটি। এরপর নাঈমুর রহমান নয়নের বোলিং নৈপুণ্যে ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দল গুটিয়ে গেল কোনোমতে পঞ্চাশ পার করেই। বিশাল জয়ে তিন দলের যুব টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের যুবারা।

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে প্রতিযোগিতার ফাইনালে ১৮১ রানে জিতেছে রাকিবুল হাসানের দল। টস হেরে আগে ব্যাট করে ৪১.৪ ওভারে ২৩৪ রানে অলআউট হয় তারা। লক্ষ্য তাড়ায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দল। ২১.৩ ওভারে তারা থামে কেবল ৫৩ রানে।

আইচ ৯১ বলে খেলেন ৯৩ রানের ভীষণ গুরুত্বপূর্ণ ইনিংস। তার ব্যাট থেকে আসে ১০ চার ও ২ ছক্কা। আশিকুর ৫০ রান করেন ৫৮ বলে। তার ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা। ম্যাচসেরারও পুরস্কারও ওঠে তার হাতে। পরে বল হাতে ৮ রানে ২ উইকেট নেন তিনি। ৭ রান দিয়ে ২ উইকেট নেন মেহেরব হোসেনও। বোলিংয়ে সেরা নৈপুণ্য অবশ্য দেখান বাঁহাতি স্পিনার নয়ন। ৪ উইকেট শিকার করতে তার খরচা ১৬ রান।

আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। তার আগে ভারতের মাটিতে শিরোপা জিতে প্রস্তুতিটা ভালো হলো বাংলাদেশ দলের।

বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটিংয়ে নেমে প্রথম বৈধ ডেলিভারিতে মাহফিজুল ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৪০ রানের জুটি গড়ে চাপ সামলে নেন ইফতেখার হোসেন ও প্রান্তিক নওরোজ। তারা বিচ্ছিন্ন হওয়ার পর টিকতে পারেননি মোহাম্মদ ফাহিম, আরিফুল ইসলাম, মেহরব ও নয়ন। ফলে ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে অল্প রানে অলআউট হওয়ার শঙ্কা জেগে ওঠে।

অষ্টম উইকেটে ৯৪ রানের জুটি গড়েন আইচ ও আশিকুর। তাতে দলীয় সংগ্রহ ছাড়ায় দুইশ। রানআউটে কাটা পড়ার আগে আইচ বাংলাদেশকে টেনে নিয়ে যান ২৩৪ পর্যন্ত। তানজিম হাসান সাকিবকে ফিরিয়ে ইনিংসের ইতি টানেন ধানুশ গৌড়া। তিনি ৩ উইকেট নেন ৬২ রানে।

জবাব দিতে নামা ভারত ১৫ রানের মধ্যে হারায় ৪ উইকেট। তাদেরকে দিশেহারা করে দেন সাকিব, আশিকুর ও নয়ন মিলে। পঞ্চম উইকেটে ৩৩ রান যোগ করে উদয় স্মরণ ও কৌশল তাম্বে চালান প্রতিরোধের চেষ্টা। নয়ন এই জুটি ভাঙার পর চোখের পলকে শেষ হয় দলটির ইনিংস। শেষ ৬ উইকেট তারা হারায় মোটে ৫ রানে।