ভারতের নতুন অধিনায়ক রোহিত
গুঞ্জনটা আগেই ছিল। টি-টোয়েন্টি সংস্করণে ভারতের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রোহিতের নাম ঘোষণা করেছে বিসিসিআই।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিসিআই। সেখানে রোহিতের ডেপুটি হিসেবে রাখা হয়েছে লোকেশ রাহুলকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে এ সিরিজে রাখা হয়নি সদ্য সাবেক হওয়া অধিনায়ক বিরাট কোহলিকে। তবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে না-কি বাদ দেওয়া হয়েছে তা বিস্তারিত কিছু জানায়নি বিসিসিআই।
এছাড়াও বিশ্বকাপে খেলা নিয়মিত একাদশের জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামিকে রাখা হয়নি। নেই হার্দিক পান্ডিয়া, রাহুল চাহার, বরুণ চক্রবর্তী ও শার্দুল ঠাকুরও।
স্কোয়াডে বেশ কিছু চমক উপহার দিয়েছে ভারত। নতুন মুখ ৪টি। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, হার্শাল প্যাটেল, রুতুরাজ গায়কোয়াড় ও আবেশ খান। আইপিএলে ভালো খেলার প্রতিদান পেয়েছেন তারা।
এছাড়া বিশ্বকাপ দলে জায়গা না হলেও জাতীয় দলে ফিরেছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলও।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা, লোকেশ রাহুল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিষাণ, ভেঙ্কাটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দিপক চাহার, হার্শাল প্যাটেল ও মোহাম্মদ সিরাজ।