ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়

ক্রীড়া প্রতিবেদক

আভাস ছিল স্পষ্ট, সেই আভাসই পেল আনুষ্ঠানিক পূর্ণতা। সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে ভারতের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

বুধবার এক বিবৃতিতে বিসিসিআই এই নিয়োগের কথা নিশ্চিত করেছে । চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকেই  জাতীয় পুরুষ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন দেশটির জাতীয় একাডেমির প্রধান হিসেবে কাজ করা দ্রাবিড়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ও দ্রাবিড়ের এক সময়ের সতীর্থ সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন রাহুল ভারতের ক্রিকেটকে নতুন উচ্চতায় নেবেন বলে তিনি আশাবাদী, 'ভারতের প্রধান কোচ হিসেবে বিসিসিআই রাহুল দ্রাবিড়কে স্বাগত জানাচ্ছে। খেলোয়াড়ি জীবনে রাহুল ছিলেন ভারতের বড় তারকা, খেলাটার কিংবদন্তিদের একজন। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।'

'রাহুলের প্রচেষ্টায় জাতীয় ক্রিকেট একাডেমিতে অনেক তরুণ ক্রিকেটার উঠে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করেছে। আমি আশা করছি রাহুল ভারতের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।'

দ্রাবিড়কে নিয়োগ দেওয়ায় বিশ্বকাপ দিয়েই ভারতের কোচ হিসেবে ইতি হচ্ছে রবি শাস্ত্রীর। একইও সঙ্গে চুক্তি শেষ হচ্ছে  বোলিং কোচ বরুণ অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর, ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের। ভারতকে সেবা দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানায় বিসিসিআই। 

শাস্ত্রীর কোচিংয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালেও নিউজিল্যান্ডের কাছে হারে ভারত। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল দৌড়ে অনেকটাই ছিটকে গেছে ভারত। তবে তার অধীনেই অস্ট্রেলিয়ায় দুটি ও ইংল্যান্ডে টেস্ট সিরিজ জেতে ভারত।