ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নরকিয়া

স্পোর্টস ডেস্ক

পুরনো চোট নতুন করে হানা দেওয়ায় পুড়ল আইনরিখ নরকিয়ার কপাল। ভারতের বিপক্ষে ঘরের মাটিতে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নরকিয়ার চোটের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। নিতম্বের পুরনো চোট নতুন করে ভোগাচ্ছে এই ডানহাতি পেসারকে।

নরকিয়ার বদলি হিসেবে কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেনি প্রোটিয়ারা। ফলে তাদের পূর্ব ঘোষিত ২১ সদস্যের দল নেমে এসেছে ২০ জনে।

দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রধান মেডিকেল অফিসার ডাক্তার শুয়াইব মাঞ্জরা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, নরকিয়ার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। তারা আশা করছেন, আগামী জানুয়ারিতে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে সেরে উঠবেন তিনি।

২৮ বছর বয়সী নরকিয়া সাম্প্রতিক সময়ে সব সংস্করণের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। টেস্ট ক্যারিয়ারের ১২ ম্যাচের পাঁচটি চলতি বছর খেলেছেন তিনি। সাদা পোশাকে সবশেষ গত জুনে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠে নেমেছিলেন। ওই সিরিজে দুই ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

নরকিয়ার চোটে কপাল খুলে যেতে পারে ডুয়ানে অলিভিয়েরের। তিনি দক্ষিণ আফ্রিকার জার্সিতে শেষবার টেস্ট খেলেছিলেন ২০১৯ সালে। কোলপ্যাক চুক্তি শেষে চলতি বছর দেশে ফিরেছেন তিনি। ফেরার পর থেকেই আছেন তুখোড় ছন্দে।

প্রোটিয়াদের হয়ে দশটি টেস্ট খেলা অলিভিয়ের ঘরোয়া প্রথম শ্রেণির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতায় তোপ দাগিয়েছেন প্রতিপক্ষের ব্যাটারদের ওপর। চার ম্যাচে তিনি শিকার করেছেন ২৮ উইকেট, মাত্র ১১.১৪ গড়ে। তার ম্যাচসেরা ফিগার ৯৫ রানে ৯ উইকেট।

আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের প্রথম টেস্ট। পরের টেস্ট মাঠে গড়াবে আগামী বছরের ৩ জানুয়ারি। আর ১১ জানুয়ারি শেষ টেস্টে নামবে দুই দল।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল:

ডিল এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, সারেল এরউইয়া, বিউরান হেনড্রিক্স, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার ডাসেন, কাইল ভেরেইনা, মার্কো ইয়ানসেন, গ্লেন্টন স্টারম্যান, প্রেনেলান সাব্রায়েন, সিসান্ডা মাগালা, রায়ান রিকেলটন, ডুয়ানে অলিভিয়ের।