ভারতের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চায় যুবারা
প্রতিপক্ষ হিসেবে ভারত বরাবরই ভয়ঙ্কর। তার উপর যুবাদের বিশ্বকাপে বরাবরই ফেভারিট থাকে দলটি। এ আসরে রেকর্ড চারবারের চ্যাম্পিয়নও তারা। যদিও বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে জিততে হলে ভয়ডরহীন খেলার বিকল্প নেই যুবাদের। আর এই কাজটিই করতে চান বলে জানান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আগামীকাল কোয়ার্টার ফাইনালে ম্যাচে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যায় ৭টায়।
ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে বোলার-ব্যাটার সবাই আত্মবিশ্বাসী বলেই জানালেন রাকিবুল, 'আগামীকাল আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই ম্যাচের আগে আমরা ৫/৬ দিনের একটা বিরতি পেয়েছি। বিরতিতে আমরা ভালো মতোই অনুশীলন করেছি। একদিন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করেছি। মানসিক ও শারীরিক ভাবে আমরা ভালো একটা অবস্থায় আছি। গত দুই ম্যাচ জিতে দলের মধ্যে আত্মবিশ্বাসও রয়েছে।'
ইতিবাচক ভয়ডরহীন ক্রিকেট খেলেই ফলাফল নিজেদের পক্ষে আনতে চান অধিনায়ক, 'দলের ব্যাটার ও বোলাররা ভালো করেছে, আমাদের মধ্যে ভালো আত্মবিশ্বাস আছে আমাদের স্কিলের উপর। আমরা চেষ্টা করবো মাঠে আমাদের স্কিল শতভাগ বাস্তবায়ন করার। আমরা ওদের বিপক্ষে ভয়ডরহীন ও ইতিবাচক ক্রিকেট খেলবো, যাতে আমরা ভালো একটা ফল নিয়ে বের হয়ে যেতে পারি।'
কিছুদিন আগেই এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছিল বাংলাদেশ। এর আগে অবশ্য ভারতে গিয়ে তাদের দুটি দলের বিপক্ষে একটি তিনজাতি টুর্নামেন্ট জিতেছিল যুব টাইগাররা। মূলত সেই দলদুটো দলের খেলোয়াড়দের নিয়েই গড়া ভারত অনূর্ধ্ব-১৯ দল। তাই তাদের দুর্বলতা সম্পর্কে কিছুটা হলেও ধারণা রয়েছে যুবাদের।
রকিবুল বলেন, 'ভারতের সঙ্গে আগেও আমাদের বেশ কিছু ম্যাচ খেলা হয়েছে। এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ, একটা সিরিজ খেলেছি ওদের ওখানে গিয়ে। ওদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানা আছে। যে পরিকল্পনাটা করে আমরা যাবো, সেটা যদি বাস্তবায়ন করতে পারি, ছোট ছোট ভুলগুলো যদি আমরা কম করি তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে।'
তবে দিন শেষে ভারতের বিপক্ষে ভয়ডরহীন খেলায় জয়ের মূলমন্ত্র হবে বলে মনে করেন এ তরুণ, 'আসল কথা হলো আমরা ফলের চিন্তা করছি না, আমরা ইতিবাচক, ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করবো।'