ভারতে টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া করেছে নিউজিল্যান্ড। তবে এ হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই ভারতে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে দলটি। ১৭ নভেম্বর জয়পুরে তিন ম্যাটের টি-টোয়েন্টি সিরিজে নামবে কিউইরা। তবে সেই সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
ঠাসা সূচিতে মূলত লাল বলে মনোযোগ দিতেই উইলিয়ামসন টি-টোয়েন্টি স্কোয়াডে রাখেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে টেস্ট সিরিজে দলের যোগ যোগ দিবেন বলে জানিয়েছে তারা। তার অনুপস্থিতিতে ভারত সিরিজে কিউইদের নেতৃত্ব দিবেন টিম সাউদি।
রোববার দুবাইয়ে বিশ্বকাপের ফাইনাল খেলা কিউইরা জয়পুরে ভারতের মুখোমুখি হবে বুধবার (১৭ নভেম্বর)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ হবে আগামী শুক্রবার (২১ নভেম্বর) ও রোববার (২৫ নভেম্বর)।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, 'যেহেতু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বুধবার হবে এবং পরের দুই ম্যাচ শুক্রবার ও রবিবার অনুষ্ঠিত হবে, তাই উইলিয়ামসনের সরাসরি টেস্ট বিশেষজ্ঞ গ্রুপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলোয়াড়রা এরমধ্যেই জয়পুরে অনুশীলন শুরু করে দিয়েছে।'
অধিনায়ককে না পেলেও কিউইদের জন্য সুখবর চোট কাটিয়ে দলে ফিরেছেন লকি ফার্গুসন। এছাড়া কাইল জেমিসন, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার এবং গ্লেন ফিলিপ্স দুই সিরিজেই খেলবেন বলে জানিয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টিম সাউদি (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্টিন গাপটিল, টিম সেইফার্ট, গ্লেন ফিলিপ্স, মার্ক চাপম্যান, জিমি নিশাম, কাইল জেমিসন, টড অ্যাশলে, মিচেল স্যান্টনার, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।