ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক

ভারত-ইংল্যান্ড সিরিজে আবারও আঘাত হানল করোনাভাইরাস। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর পর কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দলের সহকারী ফিজিও যোগেশ পারমার। তাতে অনিশ্চিত হয়ে গেছে শুক্রবার শুরু হতে যাওয়া ওল্ড ট্রাফোর্ড টেস্ট।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগের দিন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি  স্থানীয় গণমাধ্যমে অনিশ্চয়তার কথা জানান,  'এই মুহূর্তে আমরা জানি না খেলা হবে কিনা। আশা করছি আমরা কিছু খেলা পাব।' কলকাতায় এক অনুষ্ঠানে বলেন সৌরভ।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, কোভিড আক্রান্তের ঘটনায় ম্যাচের আগের দিনের অনুশীলনও বাতিল হয়ে যায়।

ওভালে চতুর্থ টেস্টের মাঝেই কোভিডের কবলে পড়ে ভারত। তৃতীয় দিনের খেলার পর কোভিড পজিটিভ হন দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। সতর্কতামূলক হিসেবে তার সংস্পর্শে থাকা বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিও নিতীন প্যাটেলকে পাঠানো হয় আইসোলেশনে।

ওভালে ভারত ১৫৭ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে যাওয়ার পর ম্যানচেস্টারে ছিল সিরিজ নির্ধারনী ম্যাচ। তবে নতুন করে কোভিড হানা দেওয়ায় সেই টেস্টই এখন অনিশ্চয়তায়। এই ম্যাচ পিছিয়ে দেওয়ার সুযোগও কম কারণ ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর এই ম্যাচের ভাগ্য নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেরা আলোচনা চালাচ্ছে। এই আলোচনার মধ্যেই অবশ্য দুই দলের ক্রিকেটারদের আরেক দফা কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।