‘ভালো কিছু’ দিয়ে শেষ করতে চান নিগার
প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়ে এসেছে প্রথম জয়। তবে দারুণ সম্ভাবনা জাগিয়েও হাতছাড়া হয়েছে কিছু ম্যাচ। আনন্দের পাশাপাশি বাংলাদেশের মেয়েদের থাকছে আক্ষেপও। সব মিলিয়ে সামর্থ্যের বিচারে নজরকাড়া পারফরম্যান্স দেখানো নিগার সুলতানা জ্যোতির দল শেষটায় রাখতে চায় ছাপ।
রোববার বিশ্বকাপে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। মেয়েদের ওয়ানডে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর চারটায়।
ইংল্যান্ডের দিক থেকে সেমি-ফাইনালের সমীকরণ থাকলেও বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে কেবল ফেরার অপেক্ষায়। নির্ভার বাংলাদেশ দল তাই চায় নিজেদের নিংড়ে শেষ ম্যাচ থেকেও কিছু নিয়ে ফিরতে, 'এতটা লম্বা সফর আমাদের কখনও হয়নি। তবে কালকের ম্যাচটিই যেহেতু শেষ, আমরা চাই যেন যত ভালো একটা পারফরম্যান্স আমরা দিতে পারি, যেটা ভবিষ্যতে আমাদেরকে প্রেরণা জোগাবে।"
পুরো টুর্নামেন্টে বোলাররা বাংলাদেশকে দিয়েছেন সাফল্য। কিছু ম্যাচে ব্যাটাররাও ভালো করেছেন। তবে বাংলাদেশের স্পিন শক্তি অস্ট্রেলিয়ার মতো শক্তিধর প্রতিপক্ষও টের পেয়েছে ভালোভাবে। নিগার চান শেষ ম্যাচে সব বিভাগ থেকেই আসুক অবদান, 'গোটা টুর্নামেন্টে আমাদের ব্যক্তিগত কিছু পারফরম্যান্স এসেছে। দল হিসেবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পেরেছি। এজন্যই জিততে পেরেছি। আমাদের সবার চেষ্টা আছে, সবাই চিন্তা-ভাবনা করে রেখেছে যে সবাই যেন দলের জন্য কিছু হলেও অবদান রাখতে পারে। যদি আমরা সবাই কিছু হলেও অবদান রাখতে পারি, তাহলে কালকে ভালো ম্যাচ খেলতে পারব'