আইপিএল মেগা নিলাম

ভিত্তিমূল্যের ২০ গুণ বেশি দাম পেলেন সিঙ্গাপুরের টিম ডেভিড

স্পোর্টস ডেস্ক

শেকড়টা অস্ট্রেলিয়ায় হলেও টিম ডেভিডের জন্ম সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের হয়েই খেলেন আন্তর্জাতিক ক্রিকেট। ডানহাতি এই বিস্ফোরক ব্যাটসম্যান আইপিএলের নিলামে বাজিমাত করেছেন। চড়া দাম দিয়ে তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 

রোববার আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে এক্সেলারেটেড প্রসেসে নাম উঠে ডেভিডের। তাকে দলে পেতে একে একে লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটাল, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস। শেষ দিকে কলকাতার সঙ্গে লড়াইয়ে করে তাকে ৮ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়ে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। 

মুম্বাই এদিন ৮ কোটি রুপিতে দলে নেয় ইংলিশ পেসার জোফরা আর্চারকেও। চোট সমস্যা থাকলেও আইপিএলে বিশাল অঙ্কেই দল পেলেন আর্চার। 

৪০ লাখ ভিত্তিমূল্যের ডেভিডের জন্য প্রথমে আগ্রহ দেখায় দিল্লি। লড়াইয়ে নামে কলকাতা।  তরতর করে বাড়তে থাকে দাম। যোগ দেয় পাঞ্জাব। কলকাতা ছিল মরিয়া। পাঞ্জাব হাল ছেড়ে দিলে যোগ দেয় রাজস্থান। দুই দলের লড়াইয়ে দাম ছাড়িয়ে যায় ৬ কোটি। এক পর্যায়ে মনে হচ্ছিল কলকাতা পেতে যাচ্ছে তাকে। আচমকা যোগ দেয় মুম্বাই। তাদের চড়া মূল্যে আর পেরে উঠেনি কলকাতা। 

শেষ পর্যন্ত ভিত্তিমূল্যের ২০ গুনের বেশি দাম পেয়ে আইপিএলে দল পেলেন। এর আগেও অবশ্য আইপিএল খেলেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কেবল একটি ম্যাচেই দেখা গিয়েছিল তাকে। 

সিঙ্গাপুরের হয়ে ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ডেভিড। বর্তমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন মুলতান সুলতানসের হয়ে। সেখানেও প্রতি ম্যাচেই ঝলক দেখাচ্ছেন তিনি। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে তাকে ২৯ বলে ৭১ করতে দেখা গেছে। পেশোয়ার জালমির হয়ে করেন ১৯ বলে ৫১। 

বিস্ফোরক ব্যাটিংয়ে আইপিএলেও চড়া দাম পেলেন ২৫ পেরুনো এই ব্যাটার।