‘মাতামাতি সামলানোর সামর্থ্য না থাকলে ক্রিকেট খেলতে পারব না’

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলে খেলাকালীন মোহাম্মদ মিঠুন প্রায়ই উগ্র সমর্থকদের ট্রলের শিকার হতেন। তার পারফরম্যান্স আলাদা করে পড়ত সমালোচনায়। জাতীয় দল থেকে বাদ পড়েছেন প্রায় এক বছর হতে চলল। এবার 'এ' দলের নেতৃত্ব নিয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে। আবারও পাদপ্রদীপের আলোয় আসা মানে ট্রল, সমালোচনার ছোবলের শঙ্কাও। তবে এসবকে এখন আর পাত্তা দেন না তিনি।

শুক্রবার সন্ধ্যায় মিঠুনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি চারদিন ও তিনটি একদিনের ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ 'এ' দল।

এই সফরের আগে নিজেদের ভাবনা জানাতে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি। সেখানে ট্রল প্রসঙ্গ উঠতেই জানালেন, বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির এসব বাস্তবতা মাথায় রেখেই চলেন তারা, 'বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়। এগুলো সামলানোর সামর্থ্য না থাকলে আমি ক্রিকেট খেলতে পারব না। সেটা সামলানোর মত মানসিক দৃঢ়তা থাকতে হবে। এ জন্য আমি যথেষ্ট সময় পেয়েছি। সময় পেয়ে ক্রিকেটে ফিরেছি, ক্রিকেট খেলছি। এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কীভাবে সর্বোচ্চটা দিতে পারি সেটিতেই আমার পূর্ণ মনোযোগ। আর কোনদিকে কী হচ্ছে তা আমার ভাববার ব্যাপার না, ভাবিও না।'

মিঠুন মনে করিয়ে দিয়েছেন 'এ' দল হলেও তারা প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকেই। সেই বোধ থেকে ভালো করার তীব্র তাগিদ তাদের, 'আমরা বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। এটা বাংলাদেশেরই দ্বিতীয় সেরা দল। আশা করি আমরা সেখানে ভালো করতে পারব।'