মাথায় আঘাত আল-আমিনের, যেতে হলো হাসপাতালেও

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় লিগের ম্যাচে খেলতে নেমে মাথায় আঘাত পেয়েছেন ঢাকা মেট্রোর ব্যাটার আল-আমিন জুনিয়র। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পান এ ব্যাটার। যে কারণে হাসপাতালেও যেতে হয়েছে এ তরুণকে।

সোমবার সাভারের বিকেএসপিতে ম্যাচের দ্বিতীয় দিনে ঘটে এই দুর্ঘটনা। যদিও মাথায় আঘাত পাওয়ার অর বেশ খানিকক্ষণ ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন তিনি। তবে এরপর অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়েন তিনি। পরে সিটি স্ক্যান করানোর জন্য তাঁকে হাসপাতালে নেওয়া তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোর ম্যানেজার আমিন খান।

ঘটনাটি ঘটে ম্যাচের ২৭তম ওভারের তৃতীয় বলে। মেহেদী হাসান রানার বাউন্সার আল-আমিনের হেলমেটে লাগে। তাৎক্ষণিকভাবে প্রাথমিক শুশ্রূষা নিয়ে খেলা চালিয়ে যান এ তরুণ। মাঠে ছিলেন আরও ছয় ওভার। কিন্তু এরপর চোখ দিয়ে পানি বের হওয়ায় আর ঝুঁকি নেননি তিনি।

এ প্রসঙ্গে ডেইলি স্টারকে দলের ম্যানেজার আমিন খান বলেছেন, 'মেহেদী হাসান রানার বলটি মাথায় লেগেছিল আল-আমিনের। এরপর কিছুক্ষণ ব্যাটিং করেছে। পড়ে অস্বস্তি বোধ করায় মাঠ ছেড়ে আসে। এরপর আমরা কোনো ঝুঁকি না নিয়ে নিশ্চিত হতে সিটি স্ক্যানের জন্য হাসপাতালে পাঠিয়েছি ওকে।

তবে আঘাত খুব বেশি গুরুতর নয় বলেই জানিয়েছেন এ ম্যানেজার, 'আশা করছি তেমন কিছুই হয়নি। আজকে রাতে ভালোভাবে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আমাদের ফিজিও ও বিসিবির ফিজিও-ও ছিল। তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন। আশা করছি কালই ও মাঠে নামতে পারবে।'

আগামীকালই হয়তো আল-আমিনকে প্রয়োজন হতে পারে ঢাকা মেট্রোর। দিন শেষে ৪ উইকেটে ১১৯ রান করেছে দলটি। পিছিয়ে আছে ৩২৬ রানে। ফলোঅন এড়াতেও প্রয়োজন ১৭৭ রানের। তবে আশার আলো হয়ে ৬৬ রানে অপরাজিত আছেন ওপেনার সাদমান। তার সঙ্গে রকিবুল হাসান ব্যাট করছেন ১ রানে।

এদিন আগের দিনের ৪ উইকেটে ৩১৬ রান নিয়ে ব্যাট করতে নামা চট্টগ্রাম আরও ১২৯ রান যোগ করে। এদিন নিয়মিত বিরতিতে উইকেট পেলেও শেষ দিকে তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ান মেহেদী হাসান রানা। ৮১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। তাতেই ৯ উইকেটে ৪৪৫ রান তুলে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম।