মাশরাফি খেললে বিপিএলের আকর্ষণ অনেক বাড়ে, বললেন আকরাম
মাশরাফি বিন মর্তুজা সবশেষ মাঠে নেমেছিলেন প্রায় এক বছর আগে। গত বছর ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলেছিলেন চার ম্যাচ। এরপর পড়ে গেছে লম্বা বিরতি। সেই থমকে থাকা অবস্থার ইতি টেনে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ২২ গজে ফিরতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, মাশরাফি খেললে বিপিএলের আকর্ষণ অনেক বেড়ে যায়।
আগামী বিপিএলে খেলবেন মাশরাফি। দীর্ঘ ১২ মাস পর তাকে দেখা যাবে মাঠে। বুধবার গণমাধ্যমের কাছে বিপিএলে মাশরাফির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম।
গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে দিয়ে ৯ মাস পর মাঠে ফিরেছিলেন মাশরাফি। চ্যাম্পিয়ন জেমকন খুলনার জার্সিতে দেখা গিয়েছিল তাকে। চার ম্যাচে তিনি শিকার করেছিলেন ৭ উইকেট। ফাইনালের আগের ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছিলেন তিনি। ৩৫ রানে পেয়েছিলেন ৫ উইকেট।
মাশরাফির খেলা নিয়ে এক প্রশ্নের জবাবে আকরাম বলেছেন, 'হ্যাঁ, মাশরাফি তো (খেলবে বিপিএলে)... কেন খেলবে না?'
বিপিএলে অংশ নিতে যাওয়া প্রতিটি দলে বরাবরের মতো থাকবেন এক জন করে আইকন ক্রিকেটার। আকরাম সরাসরি না জানালেও আকার-ইঙ্গিতে বুঝিয়েছেন, বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি থাকছেন আইকন হিসেবে, 'ছয় জন আইকন খেলোয়াড় থাকবে। সেটা এক-দু দিনের মধ্যে নিশ্চিত হয়ে যাবে। সম্ভবত (আগামী) পরশু দিনের মধ্যে আমরা জেনে যাব।'
'আশা করছি (মাশরাফিকে আইকন খেলোয়াড় হিসেবে দেখা যাবে)। আমি চূড়ান্ত ব্যাপারটা জানি না আসলে। সিদ্ধান্ত হয়নি এখনও।'
জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরামের মতে, মাশরাফির বিপিএলে খেলা দর্শকদের জন্য যেমন রোমাঞ্চের, তেমনি তার সতীর্থ অনুজদের জন্য সৌভাগ্যের, 'মাশরাফি খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বাংলাদেশের জন্য সম্পদ। আমি মনে করি, ওর সঙ্গে খেলাটাও অনেক সৌভাগ্যের ব্যাপার। ও অনেক অভিজ্ঞ। ও অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভ করেছে। ও খেলা মানে আকর্ষণ কিন্তু অনেক বেড়ে যায় বিপিএলে। যেহেতু ও আমাদের অন্যতম সেরা প্রতিতাভাবান খেলোয়াড়। আমার মনে হয়, যারা ওর সঙ্গে খেলতে পারবে, তারা সত্যিই সৌভাগ্যবান।'