মাহমুদউল্লাহর ভাবনায় পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্ব চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপের পর পাকিস্তান সফরেও দল ডুবেছে হতাশায়। তবু অধিনায়কত্বে বহালই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়ায় পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও ভাবতে শুরু করেছেন তিনি।

৯৬টি দলকে নিয়ে সারা দেশ ব্যাপী শুরু হতে হচ্ছে বিসিবি একাডেমি কাপ। শুক্রবার এই আসরের ট্রফি উন্মোচন হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে উপস্থিত হয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক কথা বলেছেন অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে।

সংযুক্ত আরব আমিরাতে হওয়ায় সবশেষ বিশ্বকাপে উইকেট ছিল কিছুটা উপমহাদেশীয় ঘরানার। কিন্তু অস্ট্রেলিয়ায় পাওয়া যাবে একদম ভিন্ন কন্ডিশন। আসছে বছরের সেই বিশ্বকাপ নিয়ে এখন থেকেই তাই ভাবয়না ঘুরছে মাহমুদউল্লাহর মাথায়,  'নির্ভর করে আমরা কি রকম টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো। সমান বাউন্স, ভালো পেস থাকে। এখন বিষয়টা আমাদের উপর, কীভাবে আমরা জিনিসটা সামলাতে পারি।'

বাউন্স ও গতিময় উইকেটে টি-টোয়েন্টি ম্যাচে প্রচুর রানও হওয়ার কথা। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ধুঁকতে থাকা ব্যাটিং ইউনিট নিয়ে কতটা এগুনো যাবে তা নিয়ে আছে প্রশ্ন। মাহমুদউল্লাহ উন্নতির জায়গা তাই দেখছেন ব্যাটিংয়ে, 'সম্ভবত আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলিং ইউনিট আমি মনে করি ধারাবাহিকভাবে ভালো করছে। কিছু ছোটখাটো জিনিস আছে সেগুলো আমরা যদি ধারাবাহিকভাবে প্রতিটি সিরিজে উন্নতি করি তবে আমরা খুব ভালো কিছু অর্জন করতে পারবো।'

টি-টোয়েন্টিতে বরাবরই ধাঁধার মতো বাংলাদেশের পারফরম্যান্স। এই সংস্করণের টিউন এখনো ধরতে পারেনি টাইগাররা। মাহমুদউল্লাহর মতে সংস্করণটাই বেশ কঠিন,  আমরা কাছে মনে হয় টি-টোয়েন্টি কঠিন একটি ফরম্যাট। সব সময় আস্কিং রেট অনেক বেশি থাকে। চাপ থাকে, আশা থাকে। চাপ সব সময় থাকবে। দিনশেষে অনেক সময় আমরা করতে পারি আবার করতে পারি না। আমরা যদি আমাদের রেজাল্ট হোক বা পারফর‌ম্যান্স হোক যদি আমরা একটু ধারাবাহিক হই তাহলে আমাদের উপর ওই আস্থাটাও বাড়বে।'

বাংলাদেশের ক্রিকেটের চলমান সংকট হয়ত রাতারাতি দূর হবে না। সেজন্য দরকার মজবুত পাইপলাইন।  তবে বাংলাদেশের ক্রিকেটে পাইপলাইন কতটা শক্ত এই নিয়ে আছে বড় প্রশ্ন। একাডেমি কাপের ট্রফি উন্মোচন করতে এসে মাহমুদউল্লাহ জানালেন, পাইপলাইনের সংকট মেটাতে পারে এমন আসর, 'আমিও জাতীয় দলে ঢুকার আগে আমাদেরও প্রথম একাডেমি ফর্ম হয়েছিল। একাডেমি একটা ভালো স্টেজ, জাতীয় দলে ঢুকার আগে। মাঝখানের দুটা বছর করোনা ছিল, তার আগে একাডেমি কাপ হয়েছিল, এবার আরও বড় পরিসরে হচ্ছে, এটা খুবই ভালো সুযোগ সবার জন্য।'