মিচেল-ব্লান্ডেলের ব্যাটে প্রথম দিন নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ এক জুটি গড়ে নিউজিল্যান্ডকে আশা দেখিয়েছিলেন ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল। যদিও হঠাৎ ধসে শেষ পর্যন্ত হারতে হয়েছিল তাদের। দ্বিতীয় টেস্টেও দারুণ লড়াই করছেন এ দুই ব্যাটার। তাদের ব্যাটে চড়েই প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারী দলটি।

শুক্রবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩১৮ রান করেছে নিউজিল্যান্ড।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই ছিল তাদের। ৮৪ রানের ওপেনিং জুটি গড়েন টম লাথাম ও উইল ইয়ং। তবে জোড়া ধাক্কা খায় দলটি। এ দুই ওপেনারই ফিরে যান পর পর দুই বলে। লাথামকে মিড উইকেটে ম্যাথিউ পটসের ক্যাচে পরিণত করে জুটি ভাঙেন জেমস অ্যান্ডারসন। পরের ওভারে বল হাতে নিয়ে ইয়ংকে জ্যাক ক্রাউলির ক্যাচে পরিণত করেন অধিনায়ক বেন স্টোকস।

দ্রুত দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। তবে স্কোরবোর্ডে ৮ রান যোগ হতে এ দুই ব্যাটারকে ফিরিয়ে ফের ম্যাচে ফেরে ইংলিশরা। দুইজনই উইকেটরক্ষক বেন ফোকসের তালুবন্দি হন। কনওয়ের উইকেট নেন অ্যান্ডারসন, আর নিকোলসকে পান স্টোকস। এরপর পঞ্চম উইকেটে কিউইদের হাল ধরেন মিচেল ও ব্লান্ডেল। অবিচ্ছিন্ন ১৪৯ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করে অপরাজিত রয়েছেন মিচেল। ১৪৭ বলে ৯টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। ১৩৬ বলে ৮টি চারের সাহায্যে ৬৭ রান করেন অপরাজিত আছেন ব্লান্ডেল। এছাড়া ইয়ং ৪৭ ও কনওয়ে ৪৬ রানের ইনিংস খেলেন।

ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ও স্টোকস।