মিঠুন-রাজাকে দক্ষিণ আফ্রিকায় উড়িয়ে নেওয়ায় চরম হতাশ সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

গত জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে খারাপ করার পর জাতীয় দল থেকে বাদ পড়েন মোহাম্মদ মিঠুন। এরপরের সিরিজগুলোতে আর কোন স্কোয়াডেই জায়গা হয়নি তার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে এলেও না খেলে বাদ পড়েছিলেন পেসার রেজাউর রহমান রাজা। এবার স্কোয়াডে না থাকলেও এই দুজন দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে গেছেন, এতে চরম হতাশ প্রাইম ব্যাংকের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার হতাশার কারণও স্পষ্ট, এই দুজনকে যে এবার ঢাকা প্রিমিয়ার লিগে দলে নিয়েছিল প্রাইম ব্যাংক।

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টেস্টের আলাদা দুই স্কোয়াড মিলিয়ে প্রাইম ব্যাংকের আছেন ছয় ক্রিকেটার। স্কোয়াডের বাইরে থেকেও সেখানে আরও দুজন। অর্থাৎ টুর্নামেন্টের শুরু থেকে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে পাচ্ছে না দলটি।

রোববার দলের অনুশীলন শেষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাখঢাক না রেখেই হতাশার কথা জানান সালাউদ্দিন, প্রশ্ন তুলেন মিঠুন-রাজাকে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার প্রক্রিয়া নিয়ে,  'দেখুন দলগুলো জানত যে টেস্ট খেলোয়াড়রা যাবে। সেভাবেই দল করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুটো খেলোয়াড় যাদেরকে নিয়ে গেছে তারা কিন্তু স্কোয়াডেও নেই। ওয়ানডেতেও নেই, টেস্টেও নেই। মিঠুন এবং রাজা। অলরেডি আমাদের ছয়টা খেলোয়াড় নেই, তার মধ্যে আরও দুজন নিয়ে গেছে। তারা যদি খেলত (জাতীয় দলের হয়ে) আমার মনে হয় ঠিক ছিল। তারা স্কোয়াডেও নেই, কেবল অনুশীলন করবে ওখানে। অন্য দলের খেলোয়াড়রা ছিল, তাদের কিন্তু নেওয়া হয়নি। শুধু প্রাইম ব্যাংকের খেলোয়াড় নেওয়া হলো।'

করোনাভাইরাসের সময়ে জৈব সুরক্ষা বলয়ের সিরিজগুলোতে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে অতিরিক্ত খেলোয়াড় নেওয়ার একটা চল শুরু হয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজ হবে সুরক্ষা বলয় ছাড়া। কোন কোয়ারেন্টিনের সমস্যা না থাকায় যেকোনো সময়ে প্রয়োজনে খেলোয়াড় উড়িয়ে নেওয়ার সুবিধা থাকছে। সালাউদ্দিন জানান বাড়তি নেওয়ার দরকার হলেও জাতীয় দলে সাম্প্রতিক সময়ে খেলেছেন এমন ক্রিকেটারদেরই তো নেওয়া যেত, 'মিঠুন তো গত ছয়-সাত মাসে জাতীয় দলের কোন স্কোয়াডে ছিল না। হঠাৎ করে তাকে নেওয়া হলো। ছয়টা নেই, তারমধ্যে এদের নিল। আমার জন্য কঠিন এখানে নাঈম শেখও ছিল, নাঈম শেখ যায়নি। মিঠুন ও রাজা চলে গেছে।'

এবার প্রিমিয়ার লিগে নাঈম খেলছেন আবাহনীতে। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দলটির প্রধান কোচ।

১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া এবারের ঢাকা প্রিমিয়ার লিগে শক্তিশালী দল বানিয়েছিল প্রাইম। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন দলটিতে। আগের সূচি অনুযায়ী দুই সংস্করণে থাকা ক্রিকেটারদের সুপার লিগের আগে পাওয়া যাবে না।